সৌদি আরবের আল-খারিজ অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোশাররফ হোসেনের মরদেহ অবশেষে দেশে ফিরেছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে (এসভি ৮০৬) তাঁর নিথর দেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে এক শোকাবহ পরিবেশে মরদেহটি গ্রহণ করেন নিহতের স্বজনরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সরকারের উচ্চপদস্থ এই প্রতিনিধিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নিহত মোশাররফ হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামে। তিনি ওই গ্রামের মো. সুরজত আলীর সন্তান। গত ৮ মার্চ সৌদি আরবের আল-তোয়াইক এলাকায় একটি আবাসিক ভবনে ইফতারের ঠিক আগমুহূর্তে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে মোশাররফসহ মোট তিনজন নিহত হন।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ আট বছর আগে সচ্ছলতার আশায় সৌদি পাড়ি জমিয়েছিলেন মোশাররফ। দুই বছর আগে শেষবার দেশে এসে পরিবারের সাথে সময় কাটিয়েছিলেন তিনি। ভাগ্যের নির্মম পরিহাসে, মৃত্যুর মাত্র আধা ঘণ্টা আগে বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে শেষবারের মতো কথা বলেছিলেন তিনি। সেটিই ছিল পরিবারের সঙ্গে তাঁর শেষ স্মৃতি।
মরদেহ হস্তান্তরের পর সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। আজই তাঁর নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।