বিদেশ : আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া শহরে গতকাল শুক্রবার অতর্কিতে হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এসব হামলার কথা নিশ্চিত করেছে আফগানিস্তান। পাকিস্তান দাবি করেছে, তাদের হামলায় ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে, সেইসঙ্গে আহত হয়েছে দুই শতাধিক। পাকিস্তানের হামলা নিয়ে ভয়ংকর তথ্য তুলে ধরেছেন আফগান বাসিন্দারা। কাবুলের এক বাসিন্দার বলেছেন, ভেবেছিলাম ভূমিকম্প হয়েছে, তারপরই প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনি। কাবুলের ৬ নম্বর জেলার দাশতি বারচি এলাকার একজন বাসিন্দা—যা গত রাতের পাকিস্তানি বিমান হামলার লক্ষ্যবস্তু এলাকাগুলোর কাছেই অবস্থিত বলেছেন, হামলার সময় একটি বিস্ফোরণে তার বাড়ি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। তিনি বলেন, শুরুতে আমরা ভেবেছিলাম এটা ভূমিকম্প, কারণ কয়েক দিন আগে কাবুলে ভূমিকম্প হয়েছিল। তারপরই আমরা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনি। নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার অনুরোধ জানানো ওই বাসিন্দা বলেন, দাশতি বারচির মানুষ বিস্ফোরণের পরপরই বাড়ি থেকে বেরিয়ে আসে এবং পুরো রাত জেগে থাকে। এরপর আর কেউ ঘুমায়নি। সবাই ভয় পাচ্ছিল, বলেন তিনি। তিনি আরও জানান, বিস্ফোরণের অল্প কিছুক্ষণ পর কাবুলের আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। যখন আমরা মাথার ওপর জেট উড়তে দেখলাম, বুঝতে পারলাম এগুলো পাকিস্তানের সামরিক বিমান। তিনি বলেন, হামলার লক্ষ্যবস্তু হয়েছে যে এলাকা সেটি তার বাড়ি থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে। আমার স্ত্রী এবং বাবা-মা খুব ভয় পেয়েছিল। আমরা সবাই পুরো রাত জেগে ছিলাম, বলেন তিনি।
Reporter Name 

























