শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দাপুটে জয়ে টেবিলের শীর্ষে লঙ্কানরা

প্রতিনিধি: / ১৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ওমানকে ১০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এই নিয়ে টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল লঙ্কানরা। লঙ্কানদের ২২৫ রানের বিশাল পুঁজির জবাবে ১২০ রানের বেশি করতে পারেনি পুঁচকে ওমান। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ওমান। দুই ওপেনার কামিল মিশারা এবং পাথুম নিসাঙ্কার ওপেনিং জুটিতে এসেছে ১৫ রান। ৭ বলে ৮ রান করে বিদায় নিয়েছেন মিশারা। এরপর তিনে নেমে দলের হাল ধরেন কুশল মেন্ডিস। আগ্রাসী ব্যাটিংয়ে দলের রান বাড়িয়েছেন তিনি। নিসাঙ্কা তেমন সুবিধা করতে পারেননি। দলীয় ৪৫ রানের মাথাতে ১১ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান নিসাঙ্কা। এরপর ক্রিজে আসেন পাভান রাথনায়েকে। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৫৮ রান তোলে শ্রীলঙ্কা। কুশলের সাথে ক্রিজে জমে যান রাথনায়েকে। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে রকেটের গতিতে বোর্ডে রান তুলেছে শ্রীলঙ্কা। কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছেন কুশল এবং রাথনায়েকে। কুশল কিছুটা দেখে খেললেও রাথনায়েকে ছিলেন মারমুখি। ফিফটি ছুঁয়েছেন দুজনই। ফিফটির পরেই থামতে হয়েছে যদিও। ২৮ বলে ৬০ রানের ক্যামিও খেলে বিদায় নেন রাথনায়েকে। এরপর ক্রিজে এসেছেন দাসুন শানাকা। এসেই বেধড়ক পিটুনি শুরু করেন অধিনায়ক শানাকা। ওমানের বোলারদের কচুকাটা করে রান বাড়িয়েছেন তিনি। ফিফটিও তুলে নিয়েছেন দ্রুত। ২০ বলে ৫০ রানের টর্নেডো ইনিংস খেলে বিদায় নেন শানাকা। একদম শেষ দিকে ফিরেছেন কুশল মেন্ডিস। ৪৫ বলে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২২৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। শেষ দিকে ৭ বলে ১৯ রানের ক্যামিও খেলে টিকে ছিলেন কামিন্দু মেন্ডিস। ওমানের হয়ে ২ উইকেট নিয়েছেন জিতেন রামানান্দি। ১টি করে উইকেট শিকার করেছেন সুফিয়ান মেহমুদ এবং জয় ওদেদরা। জবাব দিতে নেমে একদমই সুবিধা করতে পারেনি ওমান। শুরু থেকেই হারিয়েছে একের পর এক উইকেট। পাওয়ারপ্লের ৬ ওভারেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা, তুলেছে মোটে ৩৬ রান। মাঝে কিছুটা লড়াই চালিয়েছেন মোহাম্মদ নাদীম এবং ওয়াসিম আলী। দুজনে মিলে ক্রিজে জমে যান। দেখেশুনে ব্যাট চালিয়ে রানও বের করেছেন। যদিও বেশিক্ষণ টেকেনি তাদের জুটি। ২০ বলে ২৭ রানের ইনিংস খেলে দলের ৭৮ রানের মাথাতে বিদায় নিয়েছেন ওয়াসিম। তবে এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন নাদীম। বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্কও ছুঁতে পারেননি, পেরেছেন কেবল নাদীম এবং ওয়াসিম। শেষ দিকে কার্যকরী ব্যাটিংয়ে ফিফটির খুব কাছে চলে যান নাদীম। শেষ পর্যন্ত চালিয়ে গেছেন লড়াই। তবে বাকি ব্যাটাররা ক্রিজে টিকতেই পারেননি। যোগ দিয়েছেন আসা-যাওয়ার মিছিলে। একের পর এক উইকেটের পতনে হারের দিকে এগিয়েছে শ্রীলঙ্কান। লঙ্কান বোলাররাও ছিলেন দারুণ ছন্দে। একের পর এক উইকেট তুলে ওমানকে ধসিয়ে দিতে থাকেন। শেষ দিকে ফিফটি ছুঁয়ে ফেলেছেন নাদীম। ৫৬ বলে ৫৩ রান করে টিকে ছিলেন তিনি। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২০ রানের বেশি করতে পারেনি ওমান। ১০৫ রানের বিশাল জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দুশমন্থ চামিরা এবং মাহিশ থিকশানা। ১টি করে উইকেট নেন দুনিথ ভেল্লালাগে, দুশান হেমন্থ এবং কামিন্দু মেন্ডিস।


এই বিভাগের আরো খবর