ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে চালানো যৌথ অভিযানে ১৭৯টি অস্ত্র ও ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৭৭৪ জনকে।
রোববার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বার্তায় এসব তথ্য জানায়। সংস্থাটি জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার দিন ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি কমাতে সেনাবাহিনী নিয়মিত টহল, চেকপোস্ট পরিচালনা, সন্দেহভাজন এলাকায় বিশেষ অভিযান এবং গোয়েন্দা তথ্যভিত্তিক তৎপরতা জোরদার করেছে। এসব অভিযানের অংশ হিসেবেই বিভিন্ন ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়।
এর আগে আইএসপিআর জানিয়েছিল, শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এক তথ্য বিবরণীতে বলা হয়, ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত মাত্র এক সপ্তাহে পরিচালিত যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ওই অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেল, দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানায় আইএসপিআর।
সংস্থাটি আরও জানায়, গ্রেফতার সবাইকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং নির্বাচনি পরিবেশ নিরাপদ রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।