বাগেরহাট ব্যুরো চীফঃ বাগেরহাটে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই শহর গড়ে তোলার
লক্ষ্যে এডভোকেসি সভার আয়োজন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে
গ্লোবাল প্লাটফরম অব বাংলাদেশ-এর সহযোগিতায় ও এক্টিভিস্টা বাগেরহাটের
আয়োজনে পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাঁধন মানব উন্নয়ন সংস্থার মিডিয়া কো-অর্ডিনেটর সৈয়দ শওকত হোসেনের
সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট পৌরসভার প্রধান
নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী সমিতির
প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, বেগ শামীম হাসান, মোঃ ফারুকুজ্জামান বাপ্পি,
এসএম বাদলসহ স্থানীয় সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ।
সভায় বক্তারা বলেন, নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বর্জ্যের
পরিমাণ দ্রুত বাড়ছে। সঠিকভাবে ব্যবস্থাপনা না করলে পরিবেশ, জনস্বাস্থ্য ও
নগর জীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। এ জন্য বর্জ্য আলাদা করে ফেলা,
পুনর্ব্যবহারযোগ্য জিনিস আলাদা রাখা এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার
করার উপর জোর দেওয়া হয়।
প্রধান অতিথি মোঃ নাজিবুল আলম বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভার
পাশাপাশি নাগরিকদেরও সক্রিয় অংশগ্রহণ জরুরি। তিনি নগরবাসীর সহযোগিতা ছাড়া
কার্যকর পরিবর্তন সম্ভব নয় বলে উল্লেখ করেন।
সভায় অংশগ্রহণকারীরা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে
ধরেন এবং সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।