বিনোদন: দক্ষিণী সিনেমার বহুল প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা ‘ঠাগ লাইফ’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় উঠে এসেছে এতে থাকা ঘনিষ্ঠ দৃশ্যগুলো। বিশেষ করে বর্ষীয়ান অভিনেতা কমল হাসান ও তার থেকে অনেক কম বয়সী অভিনেত্রী অভিরামীর চুম্বনদৃশ্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক ও কটাক্ষ। সিনেমার ট্রেলারে মাত্র তিন সেকেন্ডের এক ঘনিষ্ঠ মুহূর্তই যেন রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছে সমালোচনার মঞ্চে।
গত বুধবার পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানায়, এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিনেত্রী অভিরামী সরাসরি বলেন,
“এটি কেবল তিন সেকেন্ডের দৃশ্য। ট্রেলারে এটিকে হাইলাইট করা হয়েছে বলেই অনেকে ভুল ব্যাখ্যা করছেন। তবে পুরো সিনেমা দেখলে দর্শক বুঝতে পারবেন দৃশ্যটির প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা।”
তিনি আরও বলেন,
“বিতর্ক থাকবেই। দর্শকদের এখন কিছু না কিছু নিয়ে সমালোচনা করতেই হবে। মণি রত্নমের মতো পরিচালকের দৃষ্টিভঙ্গি ও কাস্টিংয়ের পেছনে নিশ্চয়ই সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আমার কাজ সেটি যথাযথভাবে ফুটিয়ে তোলা, তার বিচার নয়।”
এ বিষয়ে অভিরামী মনে করেন, এটি সম্ভবত প্রচারণার অংশ হিসেবেই ট্রেলারে তুলে ধরা হয়েছে, যা বর্তমানে ইন্ডাস্ট্রির একটি স্বাভাবিক কৌশল।
‘ঠাগ লাইফ’ পরিচালনা করছেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা মণি রত্নম। এটি একটি গ্যাংস্টার-অ্যাকশনধর্মী ছবি, যেখানে অভিনয় করছেন কমল হাসান, সিলাম্বরসন, তৃষা কৃষ্ণান, অভিরামী, সানিয়া মালহোত্রা, অশোক সেলভান, ঐশ্বর্য লক্ষ্ণী, জোজু জর্জ, নাসার, আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠি, রোহিত সরফ ও ভাইয়াপুরি।
কমল হাসান বর্তমানে ৭১ বছর বয়সী, আর অভিরামী ৪১-এর কোঠায়। এই বয়সের পার্থক্য নিয়েই সমালোচকরা তীর ছুড়ছেন নেটমাধ্যমে। যদিও বলিউড থেকে দক্ষিণী সিনেমা- সর্বত্রই বেশি বয়সী নায়কদের সঙ্গে তুলনামূলক কমবয়সী নায়িকাদের রোমান্স নতুন কিছু নয়।
উল্লেখ্য, সিনেমাটি মুক্তি পাবে বুধবার (৫ জুন), এবং দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ট্রেলারের মাধ্যমে উত্তেজনা ছড়িয়েছে। পিঙ্কভিলা