শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অরিজিত সিং পেহেলগাম হামলার প্রতিবাদে শো বাতিল করলেন

প্রতিনিধি: / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। সাধারণ মানুষের পাশাপাশি বলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারাও শোক ও নিন্দা প্রকাশ করেছেন। এবার এই ঘটনার প্রতিবাদে এক অনন্য সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিত সিং। সবসময়ই ভিন্নধর্মী প্রতিবাদে বিশ্বাসী অরিজিত সিং কথা না বলেও নিজের অবস্থান স্পষ্ট করে দেন। যেমনটা করেছিলেন কলকাতার আরজি কর হাসপাতালের ঘটনায়- গানে গানে প্রতিবাদ জানিয়েছিলেন। ভক্তরা সেখানেই খুঁজে পেয়েছিলেন তার অনুভবের প্রকাশ। এবারও পেহেলগাম হামলার প্রতিবাদে সরাসরি একটি বড় শো বাতিল করে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। ভারতীয় গণমাধ্যম জানায়, আগামীকাল রোববার চেন্নাইয়ে অরিজিতের একটি লাইভ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে পেহেলগাম ঘটনার নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত নিয়েছেন। অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, কাশ্মীরের ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার কারণে শিল্পী ও আয়োজক কর্তৃপক্ষ যৌথভাবে অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল রোববার চেন্নাইয়ে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। বিবৃতিতে আরও জানানো হয়, যারা এই কনসার্টের টিকিট কিনেছিলেন, তাদের সবাইকে পুরো অর্থ ফেরত দেওয়া হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এই হামলার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, এতে ২৬ জন পর্যটক নিহত এবং ২০ জন আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই ভ্রমণকারী বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর