শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অর্ধনগ্ন-বিকৃত ছবি ভাইরাল: দেব অনুরাগীদের বিরুদ্ধে সরব জিনিয়া সেন

প্রতিনিধি: / ১৪২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

বিনোদন: টলিউডের পর্দার বাইরের বিতর্ক ফের একবার তীব্র হয়ে উঠেছে। পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তার স্ত্রী, চিত্রনাট্যকার ও সাংবাদিক জিনিয়া সেন এখন সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণের মুখে। সম্প্রতি আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে নিজের বয়ান রেকর্ড করে এই ঘটনা নিয়ে আইনগত পদক্ষেপ নিয়েছেন জিনিয়া।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে প্রথম এই বিতর্ক সামনে আসে। অভিযোগ, কিছু স্বঘোষিত দেব অনুরাগী শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অশালীন ও বিদ্বেষমূলক মন্তব্য করেন। প্রতিবাদ জানালে সেই আক্রমণের শিকার হন জিনিয়াও। তখনই পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা শাখায় অভিযোগ জানান এই দম্পতি।
কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে জিনিয়া সেনের বিকৃত, অর্ধনগ্ন ছবি। এই ঘটনাকে কেন্দ্র করে রবীন্দ্রসরোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এবার আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের বক্তব্য পেশ করলেন জিনিয়া।
আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে জিনিয়া জানান, “এই লড়াইটা এক বিকৃত মানসিকতার বিরুদ্ধে। আমি এই মানসিকতার সঙ্গে কখনো আপস করব না। কটাক্ষ আর হুমকির মধ্যে খুব সামান্য ফারাক আছে। কেউ যখন এভাবে আক্রমণ করে, সেটা মনের ওপর কী ধরনের চাপ ফেলে, সেটা ভুক্তভোগীরাই বোঝেন।”
তিনি আরও বলেন, “আমার ছবি বিকৃত করে ছড়ানো, সেটাকে নিছক ‘ট্রল’ বলা যায় না। এটি অপরাধ। এবং আমি এই অপরাধের বিচার চাই।”
ঘটনার পেছনে যাদের হাত রয়েছে, তারা আদৌ দেবের প্রকৃত অনুরাগী কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন জিনিয়া। তার কথায়, “দেব থাকলে হয়তো তিনিও এই ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করতেন।” তবে এই বিতর্কের সময় দেবের নীরবতা নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় ওঠে।
পটভূমিতে ছিল টলিউডের দুই বিখ্যাত প্রযোজনা সংস্থার ছবিÑউইনডোজ প্রোডাকশনের ‘বহুরূপী’ ও দেব অভিনীত ‘খাদান’। ‘বহুরূপী’ মুক্তির পর বিপুল সাফল্য অর্জন করে। এরপরেই ‘খাদান’-এর মুক্তি এবং সাফল্য টলিউডে একধরনের দ্বৈরথের আভাস দেয়।
যদিও দেব নিজেই ‘খাদান’-এর একটি প্রচার অনুষ্ঠানে বলেন, “‘বহুরূপী’ ২০২৪ সালের সবচেয়ে বড় হিট। এর সাফল্য আমাদের দর্শক ধরে রাখতে সাহায্য করেছে।” অথচ এরপরেও সোশ্যাল মিডিয়ায় শিবপ্রসাদকে আক্রমণ করে কিছু তথাকথিত দেব ভক্ত। আর এখান থেকেই শুরু হয় নতুন বিতর্ক, যার শিকার হন জিনিয়াও।
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম ও শিল্পীমহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জিনিয়া নিজে বলছেন, “আমি চাই এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কেউ যেন আর সাহস না পায় এমন অপরাধ করতে।”


এই বিভাগের আরো খবর