বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভক্তরা হতাশ শাকিবের ‘দরদ’ নিয়ে

প্রতিনিধি: / ১৮৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

বিনোদন: সুপারস্টার শাকিব খানের ছবি মানেই দর্শকদের উন্মাদনা। শাকিবের ছবির ঘোষণা থেকেই শুরু হয় এই উচ্ছ্বাস, যা ছবি মুক্তির পর সিনেমা হল পর্যন্ত বজায় থাকে। সম্প্রতি এই সুপারস্টারের ‘তুফান’ রীতিমতো তুফানি ঝড় তুলেছে বাংলাদেশসহ বহির্বিশ্বে। এরপরই ঘোষণা আসে ‘দরদ’ নামক পরবর্তী সিনেমার। ছবিটি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহের পারদ ওপরের দিকেই ছিল। কিন্তু এখন তা তলানিতে ঠেকেছে। কারণ অনেক প্রতিশ্রুতি দিয়ে অল্পও রাখতে পারেননি নির্মাতা। শুরু থেকেই ‘দরদ’ নিয়ে চড়া শব্দে বয়ান দিয়ে আসছিলেন অনন্য মামুন। প্রথম প্যান ইন্ডিয়ান বাংলা ছবি, একসঙ্গে ছয় ভাষায় মুক্তি, বুর্জ খলিফায় প্রচারণা, শাকিবভক্তদের নিয়ে স্টেডিয়ামে বড় ইভেন্ট-এমন আরো কত কী! কিন্তু বাস্তবে সেসবের চিহ্নটুকু দেখছেন না ভক্তরা। যে ভক্তরা শাকিবের ‘দুর্বল’ ছবি নিয়েও সক্রিয় থাকেন, সে ভক্তরাই কিনা ‘দরদ’-এর মতো বড় আয়োজনের ছবি নিয়ে এখন হতাশ। কয়েক দিন ধরে বিষয়টি সীমানা ছাড়িয়ে গেছে। ফেসবুকে চলচ্চিত্র ও শাকিবভক্তদের বিভিন্ন গ্রুপে হরদম চলছে নেতিবাচক চর্চা। সব কিছুর মূলে অভিযুক্ত করা হচ্ছে নির্মাতা মামুনকে। তিনি জানিয়েছেন, ‘দরদ’-এর হিন্দি গানগুলো আসবে ভারতের প্রভাবশালী প্রতিষ্ঠান টি সিরিজ থেকে। কিন্তু কবে আসবে? তা খোলাসা করেননি। সর্বশেষ ৩১ অক্টোবর এক ভিডিও বার্তায় মামুন বলেন, গত সোমবার টি সিরিজের অফিশিয়াল পেজ থেকেই গানের আপডেট আসবে। টি সিরিজের শিডিউল অনেক আগে থেকেই চূড়ান্ত করা থাকে। আমরা খুব কম সময়ের মধ্যে মুক্তির তারিখ ঘোষণা করায় একটু বিলম্ব হচ্ছে।’ এ কথাও রাখতে পারেননি মামুন। গত সোমবার কিংবা মঙ্গলবারও টি সিরিজ তো দূর, তাঁর কাছ থেকেও ‘দরদ’-এর বিষয়ে কোনো আপডেট পাওয়া যায়নি। অগত্যা হতাশায় আরো খেপে গেছেন শাকিবভক্তরা। প্রতিদিন নির্মাতাকে নিয়ে অগণিত পোস্ট করে সমালোচনায় বিদ্ধ করছেন তাঁরা। এমনকি মামুনকে নিয়ে গত মঙ্গলবার একটি প্যারোডি গানও বানিয়েছেন এক ভক্ত। শাকিবভক্তদের বৃহত্তম গ্রুপ ‘দ্য কিং অব ঢালিউড : মেগাস্টার শাকিব খান’-এর অন্যতম অ্যাডমিন আবদুর রহমান এক পোস্টে লিখেছেন, ‘অনন্য মামুনের মতো চরম মিথ্যাবাদীর সঙ্গে শাকিব খানের আর কোনো ছবি করা উচিত না। শাকিবভক্তদের সঙ্গে সে (মামুন) মারাত্মক ফাজলামি শুরু করেছে।’ তবু দিনশেষে ‘দরদ’-এর পাশে থাকতে চান গ্রুপটির অ্যাডমিন মিফতাহ উদ্দিন। পরিচালককে বয়কট করলেও ছবিটির যাতে ক্ষতি না হয়, সে দিকটা লক্ষ রাখতে আহ্বান জানিয়েছেন তিনি। কিছুদিন আগে পুরান ঢাকার লায়ন সিনেমাসের সামনে শাকিব খানের ৫০ ফুট উঁচু কাটআউট উন্মোচনের কথাও বলেছিলেন মামুন। জোর গলায় বলেছিলেন, এমনটা ঢাকাই ছবির ক্ষেত্রে আগে দেখা যায়নি। অথচ শেষ পর্যন্ত দেখা যায়, কাটআউট নয়; বরং হলের সামনে একটি বড় ব্যানার সাঁটানো হয়েছে! এ নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে নির্মাতাকে। এদিকে এত এত সমালোচনার বিপরীতে কোনো স্পষ্ট বার্তাও দিচ্ছেন না মামুন। শুধু ছবির বিভিন্ন স্থিরচিত্র, ক্যারেক্টার লুক পোস্ট করে মুক্তির পয়গাম দিয়ে যাচ্ছেন। সর্বশেষ এক স্ট্যাটাসে তিনি গান প্রকাশের বিষয়ে লিখেছেন, ‘একটা বা দুটো দিন অপেক্ষা করতে হবে। রাইটস জটিলতার কারণে ইচ্ছে থাকলেও গান আপলোড করতে পারছি না। সব সমস্যা সমাধান করে ফেলেছি। বাংলা বা হিন্দি সব গানের আইপি একটাই হবে।’ উল্লেখ্য, রোমান্টিক সাইকো থ্রিলার ‘দরদ’-এ শাকিবের সঙ্গে আছেন বলিউডের সোনাল চৌহান। এ ছাড়া অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, ফারহান খান রিও, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। বাংলাদেশের কিবরিয়া ফিল্মস, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। মাহমুদ আরাফাত সৈয়দের সংগীত পরিচালনায় ছবির গানে কণ্ঠ দিয়েছেন ইমরান, কোনাল, বালাম, নোবেল ও ভারতের মোহাম্মদ ইরফান, নাকাশ আজিজ, রাজ বর্মণ। ১৫ নভেম্বর বাংলাদেশসহ ২০টি দেশে একসঙ্গে ‘দরদ’ মুক্তি পাবে, জানিয়েছেন মামুন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, পর্তুগাল, ইতালি, যুক্তরাজ্য, মালদ্বীপ, সিঙ্গাপুরের মতো দেশগুলো।


এই বিভাগের আরো খবর