1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার সংখ্যা ৭ লাখ ছাড়াল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্ব : ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। গত সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক নতুন হিসাবে এ তথ্য উঠে এসেছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। রাশিয়ার বাইরে থেকে পরিচালিত দুটি রুশ সংবাদমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনা ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের নতুন এ হিসাব প্রকাশ করেছে। জানা যায়, এজন্য রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট থেকে ইউক্রেনপন্‌থী দুই হ্যাকার গোষ্ঠীর সংগ্রহ করা বিপুল পরিমাণ নতুন তথ্য ব্যবহার করেছে তারা। বেলারুশের সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো নামের ওই দুই গোষ্ঠী সাম্প্রতিক সপ্তাহগুলোয় বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে এসব তথ্য প্রকাশ করেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কত সেনা নিহত হয়েছেন, সেটা নিয়ে আগের হিসাবগুলোর তুলনায় নতুন এই হিসাবে প্রাণ হারানোর সংখ্যা অনেক বেশি। পাশাপাশি এই যুদ্ধে কত সেনা হতাহত হয়েছেন, রুশ জনগণের কাছ থেকে সে তথ্য গোপন রেখেছে ক্রেমলিন। ফলে যুদ্ধের সম্মুখসারিতে কতটা প্রাণহানি ঘটেছে, সে সম্পর্কে বেশির ভাগ রুশ নাগরিকের ধারণা খুবই সীমিত। প্রায় পাঁচ বছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অদূর ভবিষ্যতে এই যুদ্ধ বন্ধ করার কোনো ইঙ্গিতও দেখা যাচ্ছে না তার মধ্যে। দমন-পীড়ন, সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ ও প্রচারণার শক্তিশালী সমন্বয়ে দেশের ভেতরে যুদ্ধসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছেন রুশ নেতা। পাশাপাশি যুদ্ধের চড়া মূল্য নিয়ে জনগণের অসন্তোষও দমিয়ে রেখেছেন। নতুন এসব তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যম দুটি দেখছে, সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়া সরকারিভাবে অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনার নিহতের খবর নথিভুক্ত করেছে। তবে রুশ সরকারের তথ্যভান্ডারে মৃত্যুর তথ্য নিয়মিতভাবে অনেক দেরিতে যুক্ত হয়। যেমন এ তথ্যে চলতি বছরের বেশির ভাগ এবং গত বছরের অনেক সেনার নিহতের হিসাব নেই।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd