1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

মারা গেছেন বিশ্বখ্যাত গিটারিস্ট অ্যান্ডি টেলর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্বখ্যাত পপ-রক ব্যান্ড দুরান দুরানের গিটারিস্ট ও গীতিকার অ্যান্ডি টেলরের লেখা ও সুর করা বেশ কয়েকটি গান বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য ‘হাংরি লাইক দ্য উলফ’, ‘রিও’ ও ‘গার্লস অন ফিল্ম’। ২০১৮ সালে তার শরীরে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছিল। সেই অ্যান্ডি টেলর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত বুধবার তার পরিবার ও ব্যান্ডের সাবেক সহশিল্পীরা যৌথ বিবৃতিতে মৃত্যুর খবর জানান। পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে তার স্ত্রী ট্রেসি উইলসন-টেলর বলেন, ‘বিশ্বের কাছে অ্যান্ডি ছিলেন একজন অসাধারণ গিটারিস্ট। কিন্তু আমাদের কাছে তিনি ছিলেন সবচেয়ে ভালো স্বামী, স্নেহশীল বাবা এবং গর্বিত দাদা।’ অন্যদিকে ব্যান্ডের সদস্য সাইমন লে বর্ণ, নিক রোডস, জন টেলর ও রজার টেলর অ্যান্ডির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা জানান, ব্যান্ডের শুরু থেকেই অ্যান্ডি তাদের সঙ্গে ছিলেন। তার গিটার বাজানোর স্বতন্ত্র ধরন ও সংগীতের প্রতি আবেগ দুরান দুরানের সুরে আলাদা মাত্রা যোগ করেছিল। অসুস্থতার সঙ্গে তিনি সাহস, সততা ও দৃঢ়তার সঙ্গে লড়াই করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন তারা। ১৯৬১ সালে ইংল্যান্ডের টাইনমাউথে জন্ম অ্যান্ডি টেলরের। নর্থম্বারল্যান্ডের কুলারকোটসে বেড়ে ওঠা এই সংগীতশিল্পী ১১ বছর বয়সে গিটার শেখা শুরু করেন। পরে পড়াশোনা ছেড়ে বিভিন্ন ব্যান্ডের সঙ্গে ইংল্যান্ড ও ইউরোপে সংগীত সফরে বের হন। ১৯৮০ সালে বার্মিংহামে গিয়ে দুরান দুরানে যোগ দেন তিনি। ১৯৮১ সালে ইএমআই রেকর্ডসের সঙ্গে চুক্তির পর ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘দুরান দুরান’ প্রকাশিত হয়। যুক্তরাজ্যে সাফল্য পাওয়ার পর ১৯৮২ সালে ‘রিও’ অ্যালবামের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পায় দলটি। পরবর্তী সময়ে একক সংগীতজীবনও শুরু করেন অ্যান্ডি। ১৯৮৭ সালে প্রকাশ করেন তার প্রথম একক অ্যালবাম ‘থান্ডার’। স্ত্রী ট্রেসি উইলসন-টেলরের সঙ্গে তার চার সন্তান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd