২০২৭ সালের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকার ডিজেল, হাই সালফার ফার্নেস অয়েল ও অক্টেন আমদানির চারটি প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব জ্বালানি তেল আমদানি করা হবে। চারটি প্রস্তাবের মধ্যে তিনটিতে সরবরাহকারী হিসেবে সিঙ্গাপুরভিত্তিক ট্রাফিগুরা পিটিই লিমিটেড এবং অন্যটিতে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৪তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের চারটি প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় প্রস্তাবগুলো অনুমোদনের সুপারিশ পায়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য মোট ৬ লাখ ২৫ হাজার টন ডিজেল, হাই সালফার ফার্নেস অয়েল ও অক্টেন আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার টন অক্টেন কেনা হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এসব জ্বালানি আমদানি করা হবে।
দুটি প্যাকেজের আওতায় ডিজেল আমদানি করা হবে। পিজি-০৩/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় ৬০ হাজার টন ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল বা ডিজেল আমদানিতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৯৩ ডলার। দরপত্রে তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। সব প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হলেও সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে।
পিজি-০৪/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় আরও ৯০ হাজার টন ডিজেল আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৭ দশমিক ৪৫ ডলার। এ প্যাকেজে পাঁচটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরাকে সরবরাহের দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে।
দুই প্যাকেজ মিলিয়ে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল আমদানিতে ব্যয় হবে ২ হাজার ৪০৫ কোটি ৩৮ লাখ টাকা। প্রতিটি প্যাকেজে নির্ধারিত পরিমাণের ১০ শতাংশ কম-বেশি জ্বালানি তেল সরবরাহের সুযোগ রাখা হয়েছে।
বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন শিল্পের জ্বালানি চাহিদা পূরণে পিজি-০৫/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় ৩ লাখ ৫০ হাজার টন ১৮০ সিএসটি হাই সালফার ফার্নেস অয়েল আমদানি করা হবে। এজন্য ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৬৯ দশমিক ৮২ ডলার।
এ প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। সব কটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হলেও সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রেও নির্ধারিত পরিমাণের ১০ শতাংশ কম-বেশি সরবরাহের সুযোগ রয়েছে।
অন্যদিকে পরিবহণ খাতের জ্বালানি চাহিদা পূরণে পিজি-০৬/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় ১ লাখ ২৫ হাজার টন গ্যাসোলিন-৯৫ আনলেডেড বা অক্টেন আমদানি করা হবে। এতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৭ দশমিক ৩৬ ডলার।
এ প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। সব কটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হলেও সর্বনিম্ন দরদাতা হিসেবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডকে সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে। অক্টেন সরবরাহের ক্ষেত্রেও নির্ধারিত পরিমাণের ১০ শতাংশ কম-বেশি সরবরাহের সুযোগ রাখা হয়েছে।
বিপিসি সূত্রে জানা গেছে, দেশের মোট জ্বালানি তেল আমদানির ৫০ শতাংশ সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হয়। ২০২৭ সালেও দুই পদ্ধতিতে সমান পরিমাণ জ্বালানি তেল আমদানির পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
পরিকল্পনা অনুযায়ী, জিটুজি পদ্ধতিতে ৩৩ লাখ ৩৫ হাজার টন এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সমপরিমাণ জ্বালানি তেল আমদানি করা হবে। সব মিলিয়ে আগামী বছর ৬৬ লাখ ৭০ হাজার টন জ্বালানি তেল আমদানির পরিকল্পনা করেছে বিপিসি।
আমদানি ব্যয় মেটানো হবে বিপিসির নিজস্ব বাজেট, তেল বিক্রির আয় এবং অন্যান্য উৎস থেকে ঋণের মাধ্যমে। তবে আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও অগ্রিম আয়কর অনুমোদিত ক্রয়মূল্যের বাইরে আলাদাভাবে পরিশোধ করতে হবে। এসব কর ও শুল্ক জ্বালানি তেলের অনুমোদিত ক্রয়মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত নয়।