অবশেষে জানা গেল নাহিদ রানার চোটের ধরন। বলা চলে, সুখবর মেলেনি তাকে নিয়ে। এক হিসেবে তার এখন চোট নেই। তবে বোলিং করার সময় ব্যথা অনুভব করছেন। আপাতত এই সমস্যা দূর করাই বড় চ্যালেঞ্জ। তারকা এই পেসার চোটের কারণে যেতে পারেননি অস্ট্রেলিয়া সফরে। জিম্বাবুয়ে সফরে পাওয়া চোটে হাতছাড়া হয়েছে এশিয়ান গেমস ও আফগানিস্তান টেস্ট। খেলবেন না আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি হোম ম্যাচের আগে যে করেই হোক তাকে পেতে চায় বিসিবি। এ লক্ষ্যে গত রোববার তার পরীক্ষানিরীক্ষা সম্পন্ন হয়। সেই পরীক্ষানিরীক্ষার রিপোর্ট অনুযায়ী ক্রিকবাজ জানিয়েছে, পিঠের চোটে ভোগা এই পেসারের পিঠের নিচের অংশ ও পেলভিক অংশে দুর্বলতা রয়েছে। যে কারণে তিনি বোলিং করার সময় পর্যাপ্ত শক্তি পাচ্ছেন না এবং ব্যথা অনুভব করছেন। বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘বর্তমানে তার যে সমস্যা, তাতে আমাদের ধারণা শরীরে পর্যাপ্ত শক্তির ঘাটতি রয়েছে। সেই শক্তি ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। এটি রাতারাতি সম্ভব নয়।’ সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাহিদের না খেলার সম্ভাবনাই জোরালো। এ মুহূর্তে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ভিসা জটিলতায় কাতার যাওয়া হচ্ছে না, যাবেন অস্ট্রেলিয়া অথবা সিঙ্গাপুর। চোট না থাকা সত্ত্বেও ব্যথা নিয়ে ঘুরছেন নাহিদ, এটাই আপাতত দুশ্চিন্তা। নাহিদকে এখন কিছু এঙ্ারসাইজ বেঁধে দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো, তার শক্তি বাড়ানো। তবে শক্তি বাড়ানোর পর তার কাজের চাপ কীভাবে এবং কতটা নিরাপদে বাড়ানো যায়, সেটিও বিবেচনায় নিতে হবে। এখন বোলিংয়ে ফেরার পর সে ব্যথা অনুভব করছে। কারণ, দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার কাজ এখনো পুরোপুরি করা সম্ভব হয়নি। আমরা এখন সেই দুর্বলতা দূর করতে তাকে নির্দিষ্ট কিছু ব্যায়ামের মধ্য দিয়ে নিয়ে যাব।’