পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি: জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন জমে উঠেছে। শেষ মুহূর্তের প্রচার প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছে প্রতিদ্বন্দ্বী ১০ প্রার্থী।
৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির। সমিতির ৯ টি পদের মধ্যে সভাপতি সম্পাদক সহ ৭ টি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ২৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।
নির্বাচনে সভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন সমিতির সাবেক সভাপতি অধিবাস চন্দ্র সানা ( ছাতা) ও বর্তমান সহ-সভাপতি রনজিৎ কুমার মন্ডল ( চেয়ার)।
সাধারণ সম্পাদক পদে ও দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন এরা হলেন সাবেক সাধারন সম্পাদক বিদ্যুৎ কুমার ঘোষ ( প্রজাপতি) ও তরুণ উদীয়মান ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম (-মোমবাতি)।
অন্যদিকে ৫ সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন জয়ন্ত মন্ডল ( আম) পরিতোষ মন্ডল( দেয়ালঘড়ি), প্রশান্ত রায় (হাতি) শ্যামল বৈরাগী (ডাব), নির্মল মন্ডল,(মই) সুকৃতি সরদার ( মোরগ)। নির্বাচনে জয়ের ব্যাপারে সকল প্রার্থীরা আশাবাদী বলে জানিয়েছেন। সোমবারের নির্বাচন কে সামনে রেখে সমিতির সামনে থেকে বাজার পর্যন্ত প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। অন্যদিকে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সমবায় দপ্তরের নির্বাচন সংশ্লিষ্ট কমিটি।
উল্লেখ্য ইতোপূর্বে সহ সভাপতি পদে প্রজিৎ কুমার মন্ডল ও কোষাধ্যক্ষ পদে সুশান্ত কুমার সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতির দায়িত্বে রয়েছেন জেলা সমবায় অফিসের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ এবং সদস্য থাকবেন একই দপ্তরের সহকারী প্রশিক্ষক এমএ বারিক হোসেন ও সমিতির কোষাধ্যক্ষ দেবব্রত কুমার দেবু।