আলোচিত মার্কিন র্যাপার কার্ডি বি প্রতারণার শিকার হয়েছেন। ক্রেডিট কার্ড হারিয়ে খুইয়েছেন ৭৩ লাখ টাকা। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে এমন অভিযোগ করেন এই তারকা। কার্ডি বি জানান, তার আমেরিকান এঙ্প্রেস ক্রেডিট কার্ডটি হারিয়ে গেছে। এই কার্ড ব্যবহার করে অজ্ঞাতনামা ব্যক্তিরা ৬০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৩ লাখ ৬৮ হাজার টাকার বেশি) খরচ করেছেন। এসব টাকার বড় অংশ খরচ হয়েছে বিলাসবহুল ব্র্যান্ডের পোশাক ও প্রযুক্তিপণ্য কেনায়। এ ঘটনায় ক্ষুব্ধ কার্ডি বি। যারা এই কাজ করেছেন, তাদের আইনের আওতায় আনবেন। হুঁশিয়ারি দিয়ে লাইভে কার্ডি বি বলেন, “আমার টাকার ব্যাপারে আমি কোনো ছাড় দিই না।” হারানো ক্রেডিট কার্ডটি কার্ডি বির ফোনের সঙ্গে সংযুক্ত। তাই লেনদেনের প্রতিটি নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তিনি। প্রথমে বড় অঙ্কের কেনাকাটা দেখে ভেবেছিলেন, হয়তো তার টিমের কেউ ব্যবহার করেছে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বার বড় অঙ্কের লেনদেনের নোটিফিকেশন পেতেই সন্দেহ করেন এই শিল্পী। এরপর দ্রুত কার্ডটি ব্লক করেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়। যদিও ততক্ষণে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়ে গেছে। চারজন পুরুষকে তার ক্রেডিট কার্ড ব্যবহার করতে দেখা গেছে। আর সেই সব মুহূর্তের সিসিটিভি ফুটেজ কার্ডি বির হাতে রয়েছে। এসব তথ্য উল্লেখ করে গ্র্যামি জয়ী কার্ডি বি কড়া ভাষায় বলেন, “আমি আপনাদের বলছি, এই সপ্তাহের মধ্যেই আপনারা জেলে যাচ্ছেন।”