বিদেশ : ড্রোন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা। গতকাল শনিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ছোট এই উপসাগরীয় দেশটিতে চালানো ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে কুয়েতের সরকারি বার্তা সংস্থাকে জানিয়েছেন দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন মুখপাত্র। তবে রাডার ব্যবস্থাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ওমান উপকূলের কাছে একটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, ওমানের সালালাহ বন্দরের থেকে যথেষ্ট দূরত্বে একটি মার্কিন সামরিক সহায়ক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, আমরা আগেই ঘোষণা করেছি, বন্ধুত্বপূর্ণ দেশ ওমানের সার্বভৌমত্ব ইসলামিক প্রজাতন্ত্র ইরান সম্মান করে। ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: এএফপি