ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান মাসের পর মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মার্কো রুবিও জানান, ইরানে মার্কিন অভিযান নির্ধারিত সূচি অনুযায়ী বা তার চেয়েও দ্রুতগতিতে এগোচ্ছে। তাই সঠিক সময়েই অর্থাৎ কয়েক সপ্তাহের মধ্যেই এই অভিযানের সমাপ্তি টানা হবে বলে ওয়াশিংটন আশা করছে। এই লক্ষ্য অর্জনে স্থলবাহিনী ব্যবহারের কোনো প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি।
তবে পরিস্থিতি অনুযায়ী প্রেসিডেন্টকে সর্বোচ্চ বিকল্প ব্যবহারের সুযোগ দিতে মধ্যপ্রাচ্যে কিছু মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে বলে স্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে ইরান টোল ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিতে পারে বলেও সতর্ক করেন। শুক্রবার (২৭ মার্চ) ফ্রান্সে জি-৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি
ফ্রান্সে যখন জি-৭ নেতাদের বৈঠক চলছিল, তখন শুক্রবারও ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোর দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে চালানো ইরানের এক হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। হামলায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রিফুয়েলিং উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরই জবাবে শনিবার ভোরে তেহরানসহ ইরানের বিভিন্ন শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তেহরানে অন্তত ১০টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া শনিবার (২৮ মার্চ) ভোরে ইরান থেকে ধেয়ে আসা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।