বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনে আগুন লেগেছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের পঞ্চম তলার বারান্দায় থাকা ফোম ও বালিশে এই ঘটনা ঘটে।
এ সময় মেডিসিন ভবনে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করে। এ ঘটনায় অক্সিজেন সংকটে দুই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। তারা হলেন- বরিশাল সদর উপজেলার বারোজ্যৈর হাট এলাকার আবুল হোসেন হাওলাদার ও পটুয়াখালী সদর উপজেলার আতাউর রহমান।
সময়মতো তাদের অক্সিজেন সরবরাহ করতে না পারায় মারা গেছেন বলে স্বজনরা অভিযোগ করেন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে দায়িত্বে থাকা দুই আনসার সদস্য আহত হন।
ফায়ারসার্ভিস সদস্যরা জানিয়েছে, রাত ১১টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। হাসপাতালের পঞ্চম তলার মেডিসিন ওয়ার্ডের পেছনের একটি বারান্দায় থাকা ফোম ও বালিশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ওয়ার্ড। প্রায় আধাঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত শেষে জানা যাবে বলে জানায় ফায়ারসার্ভিস।
শেবাচিমের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আব্দুল মুনয়েম সাদ বলেন, তদন্ত না করে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব না। ওই ভবনে প্রায় ১৪৮ জন রোগী ছিলেন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় ছিলেন।