ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি এবং দেশি বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। এবারের আয়োজনটি ছিল ব্যতিক্রমী, বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এর আগে একই দিন সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে সংসদীয় সভায় বিএনপি দলীয় সদস্যরা তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পায় বিএনপি। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করে। জাতীয় নাগরিক পার্টি ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হন। আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফল ঘোষণা করা হয়নি। আর একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
প্রধানমন্ত্রীর শপথের পর নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। এদিন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি তাদের শপথবাক্য পাঠ করান।
মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব বুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, শেখ রবিউল আলম, মোহাম্মদ আমিন উর রশীদ এবং ড. খলিলুর রহমান।