সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজায় ইসরায়েলের একাধিক বিমান হামলা

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ: গাজা উপত্যকাজুড়ে গত শনিবার ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। খবর বিবিসির। হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগের তথ্য অনুযায়ী, দক্ষিণের খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুতেও হামলা চালানো হয়। সেখানে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। ফিলিস্তিনিরা বলছে, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরুর পর এটিই সবচেয়ে জোরালো হামলা। গত অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। চলতি বছরের শুরুতে দ্বিতীয় ধাপ শুরু হয়। ইসরায়েলি সেনাবাহিনী হামলার কথা স্বীকার করেছে। তাদের দাবি, আগের দিন হামাস যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় এসব হামলা চালানো হয়েছে। এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে একে অপরকে দোষারোপ করেছে দুপক্ষই। ইসরায়েল জানায়, পূর্ব রাফায় ভূগর্ভস্থ অবকাঠামো থেকে কয়েকজন সশস্ত্র ব্যক্তি বের হতে দেখা যাওয়ার পর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এসব হামলায় অস্ত্রের গুদাম, উৎপাদন কেন্দ্র ও হামাসের কয়েকটি স্থাপনা লক্ষ্য করা হয়েছে। হামাস এ হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, এসব হামলা প্রমাণ করে গাজায় যুদ্ধবিরতি কার্যকর নয়। এদিকে গাজা নগরীর শিফা হাসপাতাল জানিয়েছে, একটি আবাসিক ভবনে হামলায় তিন শিশু ও দুই নারী নিহত হয়েছেন।


এই বিভাগের আরো খবর