বিদেশ : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা আরও তীব্র হয়েছে। দুর্ভিক্ষে ভোগা অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় নিহতের পাশাপাশি অনাহারে বহু মানুষ প্রাণ হারাচ্ছে। হাসপাতাল সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, রোববার ভোর থেকে ইসরায়েলি হামলায় ৪৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ২৯ জন সাহায্যের জন্য ত্রাণকেন্দ্রে অপেক্ষা করছিলেন। একই সঙ্গে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে আরও ৬ জনের মৃত্যুর ঘটনা রেকর্ড করেছে। এদের মধ্যে দুই জন শিশুও রয়েছে। এর ফলে অনাহারে মৃত্যুর মোট সংখ্যা ১৩৩ জনে দাঁড়ালো, যার মধ্যে ৮৭ জন শিশু। ইসরায়েল এবং মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ কেন্দ্রের কাছে বা সেখানে প্রায় প্রতিদিনই হত্যার খবর পাওয়া যাচ্ছে। গাজার কর্তৃপক্ষ বলছে, খাদ্য সংগ্রহের চেষ্টা করার সময় এখন পর্যন্ত ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় দুর্ভিক্ষ নিয়ে জাতিসংঘের বারবার সতর্কতার পর বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে, অঞ্চলটিতে প্রায় এক তৃতীয়াংশ মানুষ অভুক্ত অবস্থায় দিন পার করছে। সংস্থাটি গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে, অপুষ্টি বেড়েই চলেছে। ৯০ হাজার নারী ও শিশুর জরুরি চিকিৎসা দরকার। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যা অব্যাহত রয়েছে। দখলদার বাহিনীর হামলায় সবশেষ প্রায় ৬০ হাজার মানুষ গাজায় মারা গেছে বলে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গাজার বেশিরভাগ মানুষ কয়েকবার করে ঘরবাড়ি হারিয়েছে এবং ৯০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়েছে।