বিনোদন: বলিউডের জনপ্রিয় পরিচালক ফারাহ খান ও অভিনেতা শাহরুখ খান আবারও একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন। ২০০৪ সালের ব্লকবাস্টার ‘ম্যায় হু না’ সিনেমার পর তাদের জুটি একাধিক হিট সিনেমা উপহার দিয়েছে, যার মধ্যে আছে ‘ওম শান্তি ওম’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’। এবার শোনা যাচ্ছে, এই জুটি ফিরছে ‘ম্যায় হু না ২’ নিয়ে। পিঙ্কভিলা এর এক বিশেষ প্রতিবেদনে জানা গেছে, ফারাহ খান ইতোমধ্যেই ‘ম্যায় হু না ২’ এর জন্য চিত্রনাট্য তৈরি শুরু করেছেন। শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সিনেমাটি প্রযোজনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। শাহরুখ খান নাকি ইতোমধ্যেই সিনেমাটির প্রাথমিক ধারণা শুনেছেন এবং এটি তার পছন্দও হয়েছে। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, কেবলমাত্র শক্তিশালী ও চমকপ্রদ চিত্রনাট্যের ভিত্তিতেই সিকুয়েল করবেন। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শাহরুখ প্রথম খসড়া শুনবেন এবং তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, ‘ম্যায় হু না’ ছিল রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর প্রথম প্রযোজিত সিনেমা। এই সিনেমার সাফল্যই শাহরুখ-ফারাহ জুটিকে বলিউডের অন্যতম জনপ্রিয় জুটিতে পরিণত করেছিল। তাই এই সিকুয়েলের প্রতি তাদের আবেগও বিশেষভাবে জড়িত। অন্যদিকে, শাহরুখ খান বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমায় তার মেয়ে সুহানা খানকেও দেখা যাবে। সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভক্তদের মধ্যে ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই সম্ভাব্য সিকুয়েল নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ-ফারাহ জুটির নতুন কাজের জন্য ভক্তরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। ‘ম্যায় হু না ২’ যদি সত্যি বাস্তবায়িত হয়, তবে তা নিঃসন্দেহে হবে বলিউডের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র।