বিদেশ : ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে একটি অবৈধ সোনার খনি ধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। ভারি বর্ষণের ফলে সোনার এই খনিতে ধস ঘটে। একজন কর্মকর্তা শুক্রবার এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীরা নিখোঁজ আরো সাতজনকে উদ্ধারের চেষ্টো করছে। ছোট এবং অবৈধ খনির কারণে প্রায়ই ইন্দোনেশিয়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটে। খনিজ সম্পদে ভরপুর এ অঞ্চলের কর্তৃপক্ষের পক্ষে যা নিয়ন্ত্রণ করা কঠিন। প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান ইরওয়ান এফেন্দি বলেছেন, ভারি বৃষ্টির কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোলোক জেলার ভ‚মধস হয় এরপর অবৈধ সোনার খনিটিও ধসে পড়ে। ইরওয়ান রয়টার্সকে বলেন, উদ্ধারকারীদের আট ঘণ্টা পথ পাড়ি দিয়ে ওই স্থানে পৌঁছাতে হয়েছে। তিনি অনুমান করে বলেন, ঘটনার সময় সম্ভবত খনিতে ২৫ জন লোক ছিল, যাদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩ জন আহত এবং সাতজন নিখোঁজ রয়েছে। পুলিশ ও সামরিক বাহিনী শুক্রবার ভোরে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছে, পাশাপাশি মৃতদের সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছে। সূত্র : রয়টার্স