বিদেশ : একনায়ক শাসিত দেশ উত্তর কোরিয়া প্রথমবারের মত তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল বা জ্লানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়ান সমৃদ্ধ করার একটি কেন্দ্রের ভেতরের অবস্থার এক ঝলক দেখিয়ে দিল বিশ্ববাসীকে। দেশটির নেতা কিম জং-উনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সেন্ট্রিফিউজ পরিদর্শন করার সময়ের ছবি শুক্রবার প্রকাশ করা হয়েছে বলে তথ্য দিচ্ছে বিবিসি। বিশেষজ্ঞদের উদ্ধৃত করে এই ব্রিটিশ সংবাদমাধ্যমটি লিখেছে, এর মাধ্যমে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তিমত্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে এই বার্তা দিতে চাইছে যে, এ ক্ষেত্রে পিয়ংইয়ংয়ের অগ্রগতিকে আর পিছু হটানোর সামর্থ কারও নেই। গতকাল শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি-কেসিএনএ লিখেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শনকালে কিম জং-উন তার দেশের পারমাণবিক অস্ত্রের উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছন। ছবিতে দেখা যাচ্ছে, সারি সারি সেন্ট্রিফিউজের পাশ দিয়ে হাঁটছেন কিম। সেখানে সামরিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। কেসিএনএ এর খবরে বলা হয়েছে, “উৎপাদন লাইনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে জানতে কিম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ঘাঁটির নিয়ন্ত্রণ কক্ষও ঘুরে দেখেন।” এদিকে দক্ষিণ কোরিয়ার সরকার উত্তর কোরিয়ার অস্ত্রের জ¦ালানি উৎপাদন বাড়ানোর পরিকল্পনার তীব্র নিন্দা করেছে। বিবিসি লিখেছে, কিম খুব গোপনেই এই সফর সেরেছেন। পশ্চিমা পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছেন যে, উত্তর কোরিয়া ইয়ংবিয়ন সাইট ছাড়াও গোপনে বেশ কয়েকটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালু রেখেছে। সিউলের ইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেইফ-এরিক ইজলি বলেন, “উত্তর কোরিয়া পারমাণবিক দিক থেকে কতটা শক্তিশালী দেশ, সেটা জাহির করতেই হয়ত এই ছবি প্রকাশ করেছে।” কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, “ছবিগুলো যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একটি ‘সতর্ক বার্তা’ও হতে পারে।” উত্তর কোরিয়ার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে, তা জানা না গেলেও সা¤প্রতিক এক হিসাব অনুযায়ী এই সংখ্যা ৫০টিতে দাঁড়িয়েছে এবং আরও ৪০টি অস্ত্র তৈরির মত যথেষ্ট উপাদান তাদের কাছে রয়েছে।