1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

নাশকতার শঙ্কায় কেবল দিনে চালানো হচ্ছে জ্বালানিবাহী ট্রেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাংলাদেশ রেলওয়ে নাশকতার শঙ্কায় কেবল দিনের বেলায় চালানো হচ্ছে জ্বালানিবাহী ট্রেন। কারণ সাম্প্রতিক সময়ে রেলের ওপর বিভিন্ন নাশকতার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত ও বিশেষ সতর্কতার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘ দূরত্বের ডিপোতে জ্বালানি পরিবহণ সার্ভিসও সীমিত করা হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে দেশব্যাপী ৫১টি জ্বালানিবাহী ট্রেন চলাচল করলেও অক্টোবরে ওই সংখ্যা ছিল মাত্র ৩০। তবে নভেম্বরের ২১ তারিখ পর্যন্ত ৩৩টি জ্বালানিবাহী ট্রেন চলাচল করেছে। বর্তমান পরিস্থিতিতে শুধু রেলওয়ের নিরাপত্তা বাহিনীর মাধ্যমে নাশকতা এড়ানো সম্ভব নয়। সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে ট্রেন অপারেশন নিরাপদ রাখার প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে আরএনবির সঙ্গে বিদ্যমান রেলপথ এলাকার পুলিশ ছাড়াও আনসার ও এপিবিএন রেলের নিরাপত্তায় সরবরাহ করতে অনুরোধ করা হয়েছে। মূলত রেল প্রশাসন বিভিন্ন বাহিনীর সমন্বয়ে ট্রেন চলাচল নিরাপদ রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, চলতি নভেম্বর মাসের ৯ থেকে ১১ তারিখের মধ্যে রেলের পূর্বাঞ্চলে ৮টি নাশকতার ঘটনা ঘটেছে। তার মধ্যে ১০ নভেম্বর চট্টগ্রাম জংশন কেবিনে পেট্রল বোমা নিক্ষেপ, দৌলতকান্দি-মেথিকান্দা সেকশনের ই/১৮ এলসি গেটের আপ লাইনে অগ্নিকাণ্ড, মোহনগঞ্জ স্টেশনে ৭৭৮ নং আন্তঃনগর ট্রেনের বগিতে অগ্নিকাণ্ড, জামালপুর স্টেশনের এলসি গেট নং-টি/৯৩-এর রেললাইনের পাশে টায়ার জ্বালিয়ে অগ্নিকাণ্ড, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ২৩১ নং আপ বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনে কয়েকটি কোচের হোসপাইপ কেটে ফেলা এবং জয়দেবপুর স্টেশনে তুরাগ এক্সপ্রেসের একটি কোচে পেট্রল ঢেলে অগ্নিকাণ্ডের চেষ্টা করা হয়। এমন পরিস্থিতিতে নাশকতার আশঙ্কায় যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি জ্বালানিবাহী ট্রেনকেও পর্যাপ্ত নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দেওয়া হচ্ছে।

সূত্র জানায়, রেলের ওপর দেশব্যাপী নাশকতার ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনীর মাধ্যমে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। সেজন্য পণ্যবাহী ট্রেনগুলো প্রায় এক সপ্তাহ পাইলটিংয়ে পরিচালনা হয়। কিন্তু ফেনীতে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার পর জ্বালানিবাহী ওয়াগনগুলোকে দিনের আলোয় প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে গন্তব্য স্টেশনে পৌঁছার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেক্ষেত্রে দিনের বেলায় জ্বালানিবাহী ট্রেন পরিচালনা নির্বিঘ্ন করতে নির্ধারিত সময়ে লোকোমোটিভ সরবরাহসহ নিরাপত্তামূলক একাধিক ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে অস্থিরতা চলছে। রেলওয়ে প্রতি মাসে প্রায় ৫২ লাখ লিটারের মতো জ্বালানি (ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি) ব্যবহার করে। আর রেলওয়ের উভয় অঞ্চলে প্রায় তিন মাসের জ্বালানি মজুত থাকে। প্রতি মাসের বিভিন্ন সময়ে রেলের চাহিদামতো জ্বালানি সংগ্রহ ও ডিপোতে সরবরাহ কাজে বেশকিছু ট্রেন চলাচল করায় রেলওয়ে নিজস্ব ওয়াগন পরিচালনা ও মজুত ঝুঁকিপূর্ণ বিবেচনা করছে।

সূত্র আরও জানায়, আমদানিকৃত জ্বালানি তেল চট্টগ্রাম বন্দরে আসার পর তার বড় অংশই রেলের মাধ্যমে দেশব্যাপী সরবরাহ হয়। আর রেলওয়ে তার নিজস্ব, বিতরণ কোম্পানি এবং সরকারি বিভিন্ন বাহিনীর জ্বালানি চট্টগ্রাম থেকে সারা দেশে পৌঁছে দেয়। বিশেষ করে চট্টগ্রাম থেকে রংপুর, সিলেট, শ্রীমঙ্গল ও ঢাকায় বিভিন্ন সরকারি সংস্থার প্রয়োজনীয় জ্বালানি পরিবহণ করে রেলওয়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন ট্রেনে নাশকতা, অগ্নিসংযোগের ঘটনায় জ্বালানি পরিবহনে সতর্কতা জারি করা হয়েছে। সেজন্যই বিভিন্ন গন্তব্যের জ্বালানিবাহী ট্রেনকে কেবল দিনের বেলায় চালানো হচ্ছে। পাশাপাশি জ্বালানিসংক্রান্ত রেলওয়ের বিশেষ নির্দেশনার মধ্যে রয়েছে ডিজেল ডিপো ও সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তা বৃদ্ধি; লোকোশেড, ক্যারেজ ডিপো, ডিজেল ডিপো ও ওয়ার্কশপ এলাকার নিরাপত্তা নিশ্চিত করা; জ্বালানি মজুদাগারে প্রবেশ নিয়ন্ত্রণ, ফুয়েল স্টোরেজ এলাকায় প্রবেশ নিয়ন্ত্রিত রাখার পাশাপাশি অননুমোদিত কর্মকর্তা-কর্মচারীর প্রবেশে নিষেধাজ্ঞা, জ্বালানিবাহী ট্রেন চলাচল এবং লোডিং/আনলোডিং কার্যক্রমে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা। স্টোরেজ ছাড়াও রেলের বিভিন্ন ওয়ার্কশপ, স্টেশন এলাকায় লোকোমোটিভের জন্য মজুত জ্বালানি নিরাপদে রাখতেও সংশ্লিষ্ট স্টেশনগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানান, রেলের ওপর নাশকতার ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েই চলেছে। অথচ রেলপথে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহণ হয়। জ্বালানিবাহী ট্রেনে অগ্নিকাণ্ড বা লাইনচ্যুতির ঘটনা ঘটলে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি ও জীবনহানির শঙ্কা থাকে। সেজন্যই কিছুদিন পাইলটিংয়ের মাধ্যমে জ্বালানি ট্রেন পরিচালনা করা হলেও বর্তমানে রাতে ওই ধরনের ট্রেন পরিচালনা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ট্রেন চলাচলের আগে ট্রলির মাধ্যমে পুলিশ, আরএনবির টহলসহ ট্রেনের অভ্যন্তরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবস্থানের মাধ্যমে জ্বালানিবাহী রেলগাড়ি চলাচলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd