1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সাভারে পার্কিং করা ৩ বাসে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাভার ও আশুলিয়ায় আলাদা স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে বাসগুলো পার্কিং করা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরের দিকে সাভারের ব্যাংক টাউন এবং আশুলিয়ার গণকবাড়ি ও সরকার মার্কেট এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন এলাকার ঢাকাগামী লেনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের ডেকোরেশন ও কিছু কাপড়চোপড় পুড়ে গেছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ব্যাংক টাউনের ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত কাজ শুরু করায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

কাছাকাছি সময়ে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটক সংলগ্ন স্থানে এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা আলিফ পরিবহনের একটিসহ দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাস দুটির অধিকাংশ পুড়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নাশকতার উদ্দেশে দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে এবং এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতা রোধে সাভার ও আশুলিয়া এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd