1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সংসদীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এসব বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও সংসদীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে স্পিকারকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে স্পিকার ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান।
এর আগে ২৩ নভেম্বর বেলা ১টা ৪০ মিনিটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এই সরকারি সফরে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল তার সঙ্গে ছিল।
পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
সফরকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের স্পিকার। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের দেওয়া নৈশভোজে অংশ নেন তিনি ও সফরসঙ্গীরা।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে বৈঠকেও দুই দেশের সম্পর্ক ও সংসদীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পারস্পরিক যোগাযোগ বাড়ানো, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সংসদীয় পর্যায়ে সহযোগিতার বিভিন্ন বিষয় বৈঠকে গুরুত্ব পায়। সফরকালে পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশের স্পিকার।
এ ছাড়া পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেন হাফিজ উদ্দিন আহমদ। সেখানে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের একটি চারা রোপণ করেন তিনি।
সফরের অংশ হিসেবে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও দেশটির জাতীয় কবি এবং দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার। সেখানে ফাতেহা পাঠও করেন তিনি।
সফরসঙ্গী ছিলেন পাঁচ সংসদ সদস্য
স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
ছয় দিনের সফরে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক ও সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময়ে অংশ নেয়। সফর শেষে রোববার ভোরে প্রতিনিধিদলটি ঢাকায় ফিরে আসে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd