ইসরায়েলের ফিলিস্তিনি-আরব সংসদ সদস্য এবং জয়েন্ট লিস্ট পার্টির চেয়ারম্যান আহমেদ তিবি দেশটির পার্লামেন্ট নেসেট-এর ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির পক্ষ থেকে এক ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে। কমিটির বিবৃতিতে আরও বলা হয়, ডানপন্থি ইসরায়েল বেইতেইনু পার্টির নেতা আভিগদোর লিবারম্যান নেসেটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া জানিয়ে আহমেদ তিবি বলেন, “এটি জয়েন্ট লিস্টের জন্য একটি ন্যায্য অর্জন, যারা নির্বাচনে ১১টি আসন নিশ্চিত করেছে।” তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ও উগ্র জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তাকে ঠেকাতে নানা অপচেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তাদের সব ‘বেপেরোয়া উসকানি’ ব্যর্থ করে দিয়ে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন এবং জয়েন্ট লিস্ট এখন সবগুলো কমিটিতেই তাদের প্রতিনিধিত্ব করবে। আহমেদ তিবি তা’আল পার্টির শীর্ষ নেতা, যেটি মূলত জয়েন্ট লিস্ট জোটেরই একটি অংশ। গত মাসে অনুষ্ঠিত ইসরায়েলের জাতীয় নির্বাচনে দেশটির ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো- জয়েন্ট লিস্ট এবং ইউনাইটেড আরব লিস্ট (রাম)- ঐতিহাসিক নির্বাচনি সাফল্য অর্জন করে। ওই নির্বাচনে তারা সংসদে মোট ১৯টি আসন নিশ্চিত করতে সক্ষম হয়। বর্তমানে ফিলিস্তিনি নেতৃত্বাধীন দলগুলো এই বর্ধিত রাজনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে নিজ সম্প্রদায়ের ওপর চলা বৈষম্য ও অন্যান্য সংকট মোকাবিলায় মনোনিবেশ করেছে।
নেতানিয়াহুর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত দাবি
এদিকে, নির্বাচনে কারচুপির অভিযোগে গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সহযোগীদের বিরুদ্ধে ‘মাফিয়া স্টাইলের আচরণের’ অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানিয়েছেন আহমেদ তিবি। ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ অক্টোবরের নেসেট নির্বাচনের আগে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইডো নরডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে দাবি করেছিলেন যে, রাম পার্টির তিন কর্মী ভোটারদের প্রভাবিত করতে বিপুল পরিমাণ নগদ অর্থ ও ভাউচার বহন করছেন। এরপর কোনো বৈধ সার্চ বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ওই কর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এঙ্-এ দেওয়া এক পোস্টে আহমেদ তিবি নেতানিয়াহু ও তার সহযোগীদের বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি তদন্ত শুরু করার দাবি জানান। তিনি বলেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়, নেতানিয়াহুও নন।” তথ্যসূত্র: আল-জাজিরা