বিনোদন: ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান প্রচারে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের মধ্যে পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্টের জনপ্রিয়তা কমেনি। প্রযুক্তির সহায়তায় নিষেধাজ্ঞা এড়িয়ে পাকিস্তানি নাটক দেখছেন অনেক ভারতীয় দর্শক। শুধু অনলাইনেই নয়, বিভিন্ন শহরে এসব নাটক ঘিরে আয়োজন করা হচ্ছে দলবদ্ধভাবে দেখার অনুষ্ঠানও।
সম্প্রতি নয়াদিল্লিতে পাকিস্তানি রোমান্টিক নাটক ‘দার-এ-নাজাত’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন সাংস্কৃতিক সংগঠক আবু সুফিয়ান খান। ব্যক্তিগত এই আয়োজনটি মাত্র ৪৫ জনের জন্য পরিকল্পনা করা হলেও এতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন ৭০০-এর বেশি মানুষ।
নাটকটির জনপ্রিয়তা ঘিরে বেঙ্গালুরুর অন্তত দুটি প্রদর্শনী পুলিশের আপত্তিতে বাতিল হয়েছে। তবে প্রশাসনিক বাধা ও নিষেধাজ্ঞার মধ্যেও দর্শকদের আগ্রহ কমেনি। নাটকের আবু বকর চরিত্রটি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
পাকিস্তানি বিনোদনমাধ্যম এআরওয়াই ডিজিটালের প্রধান জেরজিস সেজারের দাবি, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশ ভারতীয়। তার মতে, প্রযুক্তির এই যুগে কোনো কনটেন্ট দেখার সুযোগ সীমিত করা সম্ভব হলেও পুরোপুরি বন্ধ করা কঠিন।
২০২৫ সালের এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের গান, সিনেমা ও নাটক প্রচারে নিষেধাজ্ঞা দেয়। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি, যদিও অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ।
একই বছরের ৮ মে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার দিন ভারতে ভিপিএন অনুসন্ধানের হার ৭২ শতাংশ বেড়েছিল বলে জানিয়েছে পর্যবেক্ষক প্রতিষ্ঠান টপ১০ভিপিএন। ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে অনেক দর্শক সীমাবদ্ধতা এড়িয়ে পাকিস্তানি কনটেন্ট দেখছেন।
বিশ্লেষকদের মতে, ভারত ও পাকিস্তানের ভাষা, সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতার মধ্যে মিল থাকায় পাকিস্তানি নাটক ভারতীয় দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। পাশাপাশি মুসলিম চরিত্রগুলোর তুলনামূলক স্বাভাবিক ও অন্তর্ভুক্তিমূলক উপস্থাপনাও এসব নাটকের প্রতি আগ্রহ বাড়ানোর অন্যতম কারণ।
পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়ার মতে, প্রযুক্তির পরিবর্তনের কারণে নিষেধাজ্ঞা কার্যকর রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। রাজনৈতিক বিরোধের মধ্যেও সংস্কৃতি দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেছে।