শ্রমজীবী মানুষই বিশ্বের চালিকাশক্তি: মাহদী আমিন
- আপডেট সময় : ১০:৫০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন আজ শুক্রবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা সভায় দেয়া বক্তব্যে বললেন, “শ্রমজীবী মানুষই বিশ্বের যেকোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। শ্রমিকের নিরলস পরিশ্রমেই গড়ে ওঠে একটি শিল্প, কৃষি, অবকাঠামো এবং শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি। সুতরাং তাদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা-এগুলো যেকোনো গণতান্ত্রিক দায়িত্বশীল সরকারের অগ্রাধিকার।” শ্রমজীবী মানুষদের উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
মাহদী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান প্রতিনিধিত্বমূলক যে সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, সেখানেও কিন্তু শ্রমবান্ধব নীতি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন একটি অন্যতম প্রধান অগ্রাধিকার।
প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বিশ্বাস করতেন, শ্রমিকের দুটি হাতই রাষ্ট্র ও সমাজের উন্নয়ন এবং সমৃদ্ধির মূল চাবিকাঠি। শ্রমজীবী মানুষের কল্যাণে তিনি গ্রহণ করেছিলেন নানা যুগান্তকারী পদক্ষেপ।
‘দেশের বৃহত্তম শ্রমঘন খাত পোশাক শিল্প, যে গার্মেন্টস রফতানির ওপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশের অর্থনীতি, সেটি আজকে যে অবস্থানে পৌঁছেছে সেটি কিন্তু মূলত বিএনপি সরকারেরই নীতিমালা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিটি বিএনপি সরকারের ধারাবাহিকতায় শ্রমিকদের জন্য যে ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা-তা অবশ্যই বর্তমান নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান রয়েছে’-যোগ করেন তিনি।
















