বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সর্বস্তরের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই শহীদ বেদী ভরে ওঠে নানা রঙের ফুলে। সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে দলে দলে স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে, আর ফুলে ফুলে ঢেকে যায় শহীদ বেদী।

শ্রদ্ধা জানাতে আসা মানুষের অনুভূতিতেও ছিল গভীর আবেগ। মানিকগঞ্জ থেকে আসা স্কুলশিক্ষক রবিউল আলম বলেন, “প্রতিবছরই আমি এখানে আসি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”

অন্যদিকে, কলেজ শিক্ষার্থী তানজিন আফরোজা জানান, “বন্ধুদের সঙ্গে এসেছি। আমাদের শহীদদের জন্য আমরা গর্বিত। তাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ, তাই তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসা।”

এর আগে ভোর ৬টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর এবং সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন।

সব মিলিয়ে, স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধ হয়ে উঠেছে জাতির সম্মান, কৃতজ্ঞতা ও শ্রদ্ধার এক মিলনমেলা।


এই বিভাগের আরো খবর