বিদেশ : ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এবার সাইবার হামলার শিকার হয়েছে ইরানের অন্যতম রাষ্ট্রীয় ব্যাংক ‘সেপাহ’। এই হামলার ফলে ব্যাংকটির অনলাইন পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ফার্স। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সমস্যা সমাধানের আশা প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। খবর আলজাজিরার। গতকাল মঙ্গলবার প্রেডেটরি স্প্যারো (ফার্সিতে গঞ্জেশকে দারান্দে) নামে ইসরায়েলের একটি হ্যাকিং গ্রুপ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, ব্যাংক সেপার ডেটা ‘নষ্ট’ করে দেওয়া হয়েছে। এর আগে গত সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক ইসরায়েলি হামলার শিকার হয়। সরাসরি সমপ্রচারের সময় বিকট শব্দে মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের কর্মকর্তারা জানান, গত শুক্রবার ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানের ২২৪ জন নিহত এবং হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে ২৪ জন নিহত এবং দুই শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।