জাতির পিতার পরিবার ও সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ অনুসারে জাতির পিতার পরিবার ও সদস্যদের সুবিধা দিতে রাষ্ট্রের খরচ নিরূপণ এবং সেসব সম্পত্তির বিষয়ে প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজিকে ৩০ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। রুলে ওই আইনের মাধ্যমে এরইমধ্যে তারা যে সুবিধা ভোগ করেছেন এবং যেসব সম্পত্তি বিশেষ সুবিধায় পেয়েছেন- তা পুনরুদ্ধার কেন করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান জনস্বার্থে গত ২৫ আগস্ট এ রিট দায়ের করেন। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপান্তি ও স্ক্রিস্টিয়ান পারচিকে বিবাদী করা হয়েছে।
Reporter Name 













