নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ২ হাজার ৪৪৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের বীজ, রাসায়নিক সার, বালাইনাশক, ফলদ গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ জুন) সকালে কুতুবদিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় ৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচ বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার ও বালাইনাশক বিতরণ করা হয়। এছাড়া ১ হাজার ২০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া ৫২৫ জন কৃষককে ৫টি করে নারিকেল চারা, জৈব সার ও খুঁটি, ৬০ জন কৃষককে ৫টি করে আম, কাঁঠালসহ বিভিন্ন ফলদ গাছের চারা, জৈব সার ও খুঁটি, ২০ জন কৃষককে জলপাই, কদবেলসহ বিভিন্ন চারা, ১৬০ জন কৃষককে কাঠবাদাম, আমলকীসহ বিভিন্ন চারা এবং ২০ জন কৃষককে ৫টি করে লেবুর চারা, জৈব সার ও খুঁটি প্রদান করা হয়।
অন্যদিকে ৪৫০ জন কৃষকের মাঝে ৭ প্রকার গ্রীষ্মকালীন সবজি বীজের সঙ্গে ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এছাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ বলেন, কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে আরও টেকসই করার লক্ষ্যে সরকার এসব কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করছে। তিনি কৃষকদের যথাযথভাবে এসব উপকরণ ব্যবহার করে অধিক উৎপাদন নিশ্চিত করার আহ্বান জানান।