1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

ভাঙ্গায় ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোঁড়া ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়ে রাজু মোল্লা (৩৪) নামে কৃষক দল এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হামিরদী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর, তিনটি মোটরসাইকেলে আগুন ও একটি মাইক্রোবাস ভাঙচুরের ঘটনা ঘটে। সহিংসতার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
নিহত রাজু মোল্লা ভাঙা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। পরিবারের সদস্যদের দাবি, রাজু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর দুই সন্তান রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় সহিংসতার সূত্রপাত হয়। পরে রাত সোয়া ৯টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হলে বিস্ফোরণে রাজু গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ওই মিছিল থেকে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ এবং হামিরদী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায়।
ভাঙা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া জানান, রাজুকে হাসপাতালে আনার সময়ই তিনি মারা গিয়েছিলেন। তখন চিকিৎসকদের আর কিছু করার ছিল না। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজুর মৃত্যু ককটেল বিস্ফোরণে, নাকি গুলিতে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল রাত সোয়া ১০টা পর্যন্ত বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (বাবুল) অভিযোগ করেন, ঘটনার আগে ১০০ থেকে ১৫০ জন আওয়ামী লীগ-সমর্থক ঢাল, কাতরা, লাঠি ও বল্লম নিয়ে এলাকায় মহড়া দিচ্ছিলেন। খবর পেয়ে কৃষক দলের নেতাকর্মীরা তাঁদের সরিয়ে দেন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে প্রশাসনকে আগেই তথ্য দেওয়া হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন এই সংসদ সদস্য।
ভাঙা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁদের একজন নেতাকে একা পেয়ে হত্যা করেছেন। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
হামিরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন লিটন বলেন, রাজু হত্যাসহ সহিংসতার ঘটনায় স্থানীয় ও বহিরাগত যাঁরা জড়িত, তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তাঁর অভিযোগ, প্রশাসন ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। সময়মতো পুলিশ পৌঁছালে হয়তো রাজুকে হারাতে হত না।
রাজুর বাবা আখতার মোল্লাও ছেলের হত্যায় জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd