বিএনপিতে ফেরার গুঞ্জনের মধ্যে দলটিতে ফিরে যাওয়ার জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্য, নিজের কথা বা আচরণে দলে ফেরার কোনো ইঙ্গিত নেই। বর্তমান অবস্থানে থাকতে পেরে তিনি সন্তুষ্ট বলেও জানিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দলে ফেরা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন রুমিন ফারহানা। তিনি লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’
পোস্টে তিনি আরও বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব, এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী বহিষ্কৃত হন। তাদের মধ্যে প্রায় ১০০ জনকে দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে বলে বিভিন্ন প্রতিবেদনে খবর প্রকাশিত হয়েছে। অন্য সূত্রের তথ্য অনুযায়ী, বহিষ্কৃত নেতাকর্মীর সংখ্যা পাঁচ শতাধিক। তাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে দলে ফেরার আবেদন করেছেন। এ পরিস্থিতিতে রুমিন ফারহানার নামও আলোচনায় আসে।
গত ৩০ ডিসেম্বর দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়। তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেয় দলটি। ওই আসনে জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব জোটের মনোনয়ন পান। বিএনপির মনোনয়নপ্রত্যাশী রুমিন ফারহানা মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং বিজয়ী হন।
নির্বাচনে বিএনপির অন্তত ৭০ জন নেতা দলীয় মনোনয়ন না পেয়ে ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দেওয়ায় তৃণমূল পর্যায়ের আরও পাঁচ শতাধিক নেতাকর্মীকেও বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হন। তারা হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, লুৎফর রহমান খান আজাদ, শেখ মজিবুর রহমান ইকবাল, আব্দুল হান্নান, আতিকুল আলম শাওন, সালমান ওমর রুবেল ও এ জেড এম রেজওয়ানুল হক।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই নিজেদের ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। তবে সবার আবেদনের প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার জরুরি কিংবা যাদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।