1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে আগুন, থানাসহ বিভিন্ন স্থাপনায় হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে তাঁর বাড়িতে এ হামলা হয়। এ ছাড়া মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ, টহলরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সংঘবদ্ধ হয়ে একদল লোক সংসদ সদস্যের বাড়ির সামনে জড়ো হয়। পরে বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। একপর্যায়ে বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে অভিযোগ উঠেছে।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু জানান, মিছিল নিয়ে আসা লোকজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এমপির প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীমের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা স্লোগান দিয়ে পেট্রল ও অক্টেন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার আগে বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনেরা নিরাপদ স্থানে চলে যান।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিস্তারিত জানা যায়নি।
একই দিন সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও থানায় জব্দ করে রাখা যানবাহনসহ অন্তত ১০টি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়।
এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। অন্যদিকে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে এফএনএফ সুপার শপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
এর আগের দিন বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন থানাপাড়া এলাকার আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। হামলাকারীরা হাসপাতালের নিচতলায় প্যাথলজি বিভাগ, অভ্যর্থনাকক্ষ ও সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করে। পরে আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। এ সময় হাসপাতালে রোগী, প্রসূতি মা ও নবজাতক থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এর আগে মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতেও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরপর কয়েক দিনে জেলার তিন সংসদ সদস্যের স্থাপনায় হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ করা হয়। এতে যান চলাচল ব্যাহত হয়। বৃহস্পতিবার সকালেও বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd