1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিশুদের অনলাইন নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ, বাগেরহাটে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাগেরহাট প্রতিনিধি: শিশুদের অনলাইনে যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধ, প্রতিকার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে জেলা পর্যায়ে সংশ্লিষ্টদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে বাগেরহাট শহরের ধানসিঁড়ি হোটেলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এম ওয়াদুদ মুক্তা।

অনুষ্ঠান পরিচালনা করেন ইনসিডিন বাংলাদেশের প্রকল্প সমন্বয়ক রাফিকুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন ইনসিডিন বাংলাদেশের প্রকল্প মুখপাত্র মো. রফিকুল ইসলাম খান, প্রকল্প কর্মকর্তা মো. মঈন খান এবং কমিউনিটি অর্গানাইজার সৈয়দ মারুফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাবিহা মেহবুবা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান এবং জেলা সমাজসেবা কর্মকর্তা মোল্লা হুমায়ুন কবির।

সভায় জেলা পর্যায়ের শিশু সুরক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় শিশুদের অনলাইন নিরাপত্তা, অনলাইনে যৌন নির্যাতন ও শোষণের ঝুঁকি চিহ্নিতকরণ, প্রতিকার এবং ভুক্তভোগী শিশুদের সুরক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশেষ করে শিশুদের অনলাইন হয়রানি ও যৌন শোষণ থেকে রক্ষা, এ ধরনের অপরাধের শিকার হলে দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় CBCPC, CWB এবং জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা অংশ নেন। শিশুদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট কমিটিগুলোর দায়িত্ব, ভূমিকা ও কার্যকর পদক্ষেপ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, টেরে দেস হোমস নেদারল্যান্ডসের সহযোগিতায় এবং ইনসিডিন বাংলাদেশের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে শিশুদের অনলাইন নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শিশুদের অনলাইন যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন এবং সংশ্লিষ্ট শিশু সুরক্ষা কমিটিগুলোকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

তারা আরও বলেন, শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের সচেতনতা বৃদ্ধি, অপরাধের দ্রুত প্রতিকার এবং কার্যকর সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd