1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি, যানবাহন পরীক্ষা, নজরদারি এবং নিরাপত্তা টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নির্দেশনায় দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের কথা বলা হয়েছে। বিমানবন্দরে প্রবেশ ও বের হওয়ার পথে যাত্রী ও সংশ্লিষ্টদের তল্লাশি বাড়ানোর পাশাপাশি ল্যান্ডসাইড এলাকায় নজরদারি জোরদার করতে বলা হয়েছে। বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনেও তল্লাশি বাড়ানোর নির্দেশ রয়েছে।
বিশেষ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের টহল বাড়ানো, নজরদারি জোরদার এবং বিমানবন্দরে প্রবেশকারী যানবাহনে তল্লাশি নিশ্চিত করতে বলা হয়েছে।
এ ছাড়া বিমানবন্দর থানাকে আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল ও নজরদারি অব্যাহত রাখতে বলা হয়েছে। অর্থাৎ রাতে বিমান চলাচল বন্ধ থাকলেও নিরাপত্তা কার্যক্রমে কোনো বিরতি রাখা যাবে না।
নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি জোরদার করতে চায় কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd