1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

এআই দিয়ে পরীক্ষা পাসের দিন শেষ, দ. কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে নকলের আশঙ্কা রোধে এক কঠোর ও ব্যতিক্রমী পদক্ষেপের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার (সিএসএটি) দিনে আকস্মিকভাবে মোবাইলে একটি ‘জরুরি সতর্কতা’ জারি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আজ বৃহস্পতিবার পরীক্ষা শুরুর ঠিক আগে সকাল সাড়ে আটটায় মোবাইল ফোনে প্রথম সতর্ক অ্যালার্ম বাজানো হবে। এরপর পরীক্ষকেন্দ্রে গোপন বা অবৈধ মোবাইল ফোন বা গ্যাজেট নিয়ে প্রবেশকারীদের শনাক্ত করতে পরীক্ষা চলাকালীন সময়ও আরেকটি অ্যালার্ম বাজানো হবে। বিশেষ এই সতর্ক বার্তাটি দক্ষিণ কোরিয়ার প্রায় সব মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছাবে এবং ফোন সাইলেন্ট বা মিউট করা থাকলেও তা বাজবে। সাড়ে দশ সেকেন্ড ধরে সর্বোচ্চ ভলিউমে এই অ্যালার্ম বাজবে। সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণকে এই অ্যালার্ম শুনে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, এই বছরের পরীক্ষার জন্য অনুমোদিত সামগ্রীর তালিকা সংশোধন করে শিক্ষার্থীদের কেবল কলম নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার অন্যান্য স্টেশনারি সামগ্রী পরীক্ষাকেন্দ্র থেকেই সরবরাহ করা হবে। সম্প্রতি সার্টিফায়েড ট্যাঙ্ অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক ব্যক্তি এআই এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতি করার কথা স্বীকার করার পর, আসন্ন সিএসএটি পরীক্ষাতেও এ ধরনের জালিয়াতির আশঙ্কা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ায় এই পরীক্ষাটিকে জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হয়, কারণ ভালো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া অনেকের ক্যারিয়ারের গতিপথ নির্ধারণ করে দেয়। এর আগে গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতিবিরোধী ব্যবস্থা আরও কঠোর করার আহ্বান জানান। তিনি জালিয়াতিকে সামাজিক বিশ্বাস নষ্টকারী একটি ‘গুরুতর অপরাধ’ হিসেবে অভিহিত করেন। তিনি আরও ঘোষণা দেন, গ্যাজেট বা প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতির প্রতিটি নিশ্চিত খবরের জন্য সরকার ১০ কোটির বেশি ওন (৭৮ হাজার ৮০৫ মার্কিন ডলার) পুরস্কার দেবে। এর আগে ঘোষণা করা অন্যান্য ব্যবস্থার মধ্যে রয়েছে- পরীক্ষার্থীদের চশমা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা, স্টিকার দিয়ে তাদের জামাকাপড়ের বোতাম ঢেকে দেওয়া এবং পরীক্ষাকেন্দ্রের আশপাশে ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্লক করে রাখা। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd