1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

পারমাণবিক শক্তির মজুতে উত্তর কোরিয়ার অবস্থান ‘অপরিবর্তনীয়’

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : পারমাণবিক অস্ত্র কর্মসূচির সমালোচনা করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রস্তাবের পর নিজেদের পারমাণবিক শক্তির মর্যাদা অপরিবর্তনীয় বলে ঘোষণা করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএতে বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং গতকাল শনিবার আইএইএর বিরুদ্ধে দ্বৈত নীতির অভিযোগ তোলেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, সংস্থাটির পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি ও দ্বৈত মানদণ্ড আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধব্যবস্থা ভেঙে পড়ার অন্যতম কারণ। কিম ইয়ো জংয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রকাশ্য পারমাণবিক বিস্তার এবং দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন আনার পরিকল্পনার বিষয়ে আইএইএ নীরব থেকেছে। অথচ উত্তর কোরিয়ার আত্মরক্ষামূলক ও বৈধ পারমাণবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করেছে। আলাদা এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও আইএইএর প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, পারমাণবিক প্রতিরোধ সক্ষমতার কারণে দেশটির পারমাণবিক শক্তির মর্যাদা অপরিবর্তনীয়। এদিকে কেসিএনএ জানিয়েছে, কিম জং উন চলতি সপ্তাহে তিন দিন ধরে দেশটির গুরুত্বপূর্ণ অস্ত্র কারখানাগুলো পরিদর্শন করেছেন। প্রতিরক্ষা সক্ষমতার সব উপাদান আধুনিকায়নের ফলে দেশটির সামরিক বাহিনীর কাঠামো ও সক্ষমতায় বড় পরিবর্তন আসছে বলে মন্তব্য করেছেন তিনি। বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে রাশিয়া ও উত্তর কোরিয়ার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর রুশ সহায়তায় পিয়ংইয়ং তাদের সামরিক বাহিনীর আধুনিকায়ন করছে। ইউক্রেন যুদ্ধে মোতায়েন উত্তর কোরীয় সেনাদের যুদ্ধের অভিজ্ঞতাও এতে ভূমিকা রাখছে বলে তারা মনে করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd