কুতুবদিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় নবায়নযোগ্য জ্বালানি এখনই ও জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা গেইটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈশ্বিক কর্মসূচি ‘Global Week of Action’-এর অংশ হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও আসন্ন COP31-এর প্রাক্কালে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএসএ)’র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় নবায়নযোগ্য জ্বালানি খাতকে শক্তিশালী করতে বিভিন্ন দাবি ও শ্লোগান সমৃদ্ধ প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
মানববন্ধনে বক্তারা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, জলবায়ু ক্ষতিপূরণের অর্থায়ন নিশ্চিত ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তর বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা আরো বলেন, উপকূলীয় দ্বীপ কুতুবদিয়ার দু’পাশে দুটি উপজেলা বাঁশখালী ও মহেশখালী কয়লা বিদ্যুতের ক্ষতিকর প্রভাবে এ অঞ্চলের বাসিন্দাদের জীবন জীবিকার ওপর বিরুপ প্রভাব পড়েছে। জীবাশ্ম জ্বালানির কয়লা বিদ্যুতায়নের কারনে দ্বীপের সবুজায়ন ঝুঁকিতে, তাছাড়া জেলে, কৃষক ও লবনচাষি শ্রমিকের পেশার ওপর জীবাশ্ম জ্বালানির সরাসরি প্রভাব দৃশ্যমান হচ্ছে। তাই নতুন করে জীবাশ্ম জ্বালানির প্রকল্প না করার জন্য সরকারের কাছে দাবি জানান।
মানববন্ধন থেকে জীবাশ্ম জ্বালানির অর্থায়ন বন্ধ, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ এবং জনগণকেন্দ্রিক দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তরের আহ্বান জানানো হয়।
মানববন্ধনে ধরা কুতুবদিয়ার সমন্বয়ক এম. শহীদুল ইসলামের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার সর্বস্তরের লোকজন স্বত:স্ফূর্ত অংশ গ্রহণন করেন।