স্পোর্টস: স্ট্যামফোর্ড ব্রিজে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল লিডস ইউনাইটেড। নোয়া ওকাফরের জোড়া গোল, ডমিনিক ক্যালভার্ট-লুইনের পেনালটি এবং ব্রেন্ডেন অ্যারনসনের শেষ মুহূর্তের গোলে চেলসিকে বড় ব্যবধানে হারিয়েছে দলটি। ২৭ বছর পর চেলসির মাঠে জয়ের স্বাদ পেল লিডস।
গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে ৪-১ গোলে হারায় লিডস। প্রথমার্ধে ১-১ সমতায় থাকলেও বিরতির পর স্বাগতিকদের রক্ষণ ভেঙে একের পর এক গোল করে জয় নিশ্চিত করে সফরকারীরা।
২৫তম মিনিটে এমানুয়েল এমেঘার গোলে এগিয়ে যায় চেলসি। তবে তিন মিনিটের ব্যবধানে সমতা ফেরান লিডসের ওকাফর। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনালটি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্যালভার্ট-লুইন। পরে ওকাফরের দ্বিতীয় গোল এবং যোগ করা সময়ে অ্যারনসনের গোল ব্যবধান বাড়ায়।
ম্যাচের শুরুতে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল চেলসি। ২৫তম মিনিটে মর্গান রজার্সের সহায়তায় গোল করেন এমেঘা। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। তিন মিনিট পর লিডসের দীর্ঘ পাস থেকে বল পেয়ে ডি-বঙ্ েসুযোগ তৈরি করেন ওকাফর। তার শটে সমতা ফিরে আসে ম্যাচে।
প্রথমার্ধের বাকি সময়েও সুযোগ তৈরি করে লিডস। ক্যালভার্ট-লুইনের একটি প্রচেষ্টা বাইরে চলে যায় এবং তার হেড গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ঠেকিয়ে দেন। বিরতির আগে লিডসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে শুরুতেই এগিয়ে যায় লিডস। পাঁচ মিনিটের মধ্যে চেলসির ডি-বঙ্ েরজার্সের হাতে বল লাগলে পেনালটি পায় সফরকারীরা। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্যালভার্ট-লুইন।
এর পাঁচ মিনিট পর আবার গোল করে লিডস। লং থ্রো থেকে তৈরি হওয়া পরিস্থিতিতে বল পুরোপুরি পরিষ্কার করতে পারেনি চেলসির রক্ষণ। সেই সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে নিজের দ্বিতীয় গোল করেন ওকাফর।
বাকি সময়েও চেলসি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। বরং যোগ করা সময়ে পাল্টা আক্রমণে গোল করেন অ্যারনসন। তার গোলেই ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় লিডসের।
স্ট্যামফোর্ড ব্রিজে লিডসের সর্বশেষ জয় ছিল ১৯৯৯ সালের ডিসেম্বরে। সেবার ২-০ গোলে জিতেছিল দলটি। দীর্ঘ ২৭ বছর পর আবারও এই মাঠে জয় পেল তারা।
১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগে ষষ্ঠ স্থানে উঠে এসেছে লিডস। চেলসি ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। লিগে টানা দুই ম্যাচ হেরেছে তারা। এর আগে সান্ডারল্যান্ডের মাঠে ১-০ গোলে পরাজিত হয়েছিল চেলসি।