বিনোদন: মুক্তির প্রথম ২৪ ঘণ্টাতেই ৩.৮ বিলিয়ন ডলারের বিক্রি নিয়ে বিশ্ব বিনোদন জগতে নতুন রেকর্ড গড়েছে ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় বিনোদনমূলক রিলিজ হিসেবে নতুন জায়গা করে নিয়েছে গেমটি। মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে গেমারদের উচ্ছ্বাস ও সমালোচকদের প্রশংসায় এটি বড় ধরনের সাংস্কৃতিক আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির আগেই জিটিএ ৬-এর ৩ কোটি ২৫ লাখ কপি বিক্রি হয়েছিল বলে জানিয়েছে গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস। গেমটি বাজারে আসার একদিন পর প্রকাশিত এ তথ্য দীর্ঘ প্রতীক্ষার পর এর ব্যাপক সাফল্যের ইঙ্গিত দিচ্ছে।
প্রথম দিনের বিক্রিতে জিটিএ ৬ আগের সংস্করণ ‘জিটিএ ৫’-এর আনুমানিক ৮০০ মিলিয়ন ডলারের আয়কে প্রায় পাঁচ গুণ ছাড়িয়ে গেছে। ২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ ৫ এতদিন প্রথম ২৪ ঘণ্টায় সর্বাধিক বিক্রি হওয়া ভিডিও গেম হিসেবে বিবেচিত ছিল।
শুধু ভিডিও গেমের আগের রেকর্ড নয়, বিশ্বব্যাপী বঙ্ অফিসে সর্বাধিক আয় করা সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর আয়ও ছাড়িয়ে গেছে জিটিএ ৬। মিডিয়া বিশ্লেষণ প্রতিষ্ঠান রেন্ট্রাকের তথ্য অনুযায়ী, সিনেমাটির আয় প্রায় ২.৯ বিলিয়ন ডলার।
গেমটির এই সাফল্য রকস্টার গেমসের মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভের ব্যবসায়ও বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি ‘রেড ডেড রিডেম্পশন’ সিরিজ এবং ‘এনবিএ ২কে’ বাস্কেটবল গেমের প্রকাশক।
রকস্টার গেমসের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা স্যাম হাউজার খেলোয়াড়দের প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বিশ্বজুড়ে খেলোয়াড়দের প্রতিক্রিয়ায় আমড়া অভিভূত।’ গেমটির মুক্তিকে তিনি স্টুডিওর নতুন অধ্যায়ের সূচনা হিসেবেও উল্লেখ করেন।
১৩ বছরেরও বেশি সময় ধরে অপেক্ষার পর বাজারে এসেছে জিটিএ ৬। গেমটি খেলার জন্য বিশ্বের বিভিন্ন দেশের গেমাররা কর্মস্থল থেকে ছুটি নিয়েছেন। কেউ কেউ সঙ্গীর সঙ্গে নিরবচ্ছিন্নভাবে গেম খেলার সময় নিশ্চিত করতে চুক্তিও করেছেন।
গেমটির নির্মাণ ব্যয় ১ বিলিয়ন ডলার বা তার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই হিসেবে এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিনোদন প্রকল্পগুলোর অন্যতম। জুনে গেমটির প্রি-অর্ডার শুরু হলেও বিক্রির পরিসংখ্যান নিয়ে এতদিন কোনো তথ্য প্রকাশ করেনি নির্মাতা প্রতিষ্ঠান।
চলতি মাসের শুরুতে টেক-টু-এর আয়সংক্রান্ত আলোচনায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্ট্রস জেলনিক গেমটি নিয়ে ভোক্তাদের ব্যাপক আগ্রহ এবং ইতিবাচক পর্যালোচনার কথা জানান। তবে সাফল্য নিশ্চিত হওয়ার আগে বিজয় ঘোষণা করতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
সেন্সর টাওয়ারের অনুমান অনুযায়ী, আগস্টে নেটফ্লিঙ্ েপ্রকাশিত গেমটির দীর্ঘ প্রচারণামূলক ট্রেলার ‘জিটিএ ৬: অ্যান এঙ্টেন্ডেড লুক’ প্রি-অর্ডারের পরিমাণ ছয় গুণ বাড়াতে সহায়তা করেছে।
গেমটির কাল্পনিক শহর ভাইস সিটির অনুপ্রেরণা মিয়ামিতেও মুক্তি উদযাপনে নানা আয়োজন হয়েছে। শহরটির এনবিএ দল বুধবার ভাইস সিটি থিমে একটি ম্যাচ আয়োজন করে। সপ্তাহান্তে ‘জিটিএ ৬: দ্য ফেস্টিভ্যাল’ নামে সংগীত আয়োজনও করছে প্রতিষ্ঠানটি। এতে গ্র্যামি জয়ী র্যাপার কার্ডি বি, হিপহপ প্রযোজক মেট্রো বুমিন ও র্যাপার ট্রাভিস স্কটের অংশ নেওয়ার কথা রয়েছে।
এখন বিনিয়োগকারীদের আগ্রহের অন্যতম বিষয় গেমটির পিসি সংস্করণ ও অনলাইন মাল্টিপ্লেয়ার চালুর সময়। জিটিএ সিরিজের অনলাইন অংশ সাধারণত দীর্ঘমেয়াদি আয়ের বড় উৎস হিসেবে বিবেচিত হয়। শিল্প বিশ্লেষকদের একাংশের ধারণা, জিটিএ ৬-এর পিসি সংস্করণ ও অনলাইন মোড ২০২৭ সালে চালু হতে পারে।