1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

ব্যাক-টু-ব্যাক জয়ে সিরিজ নিজেদের করে নিল ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে ৯৭ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। হোবার্টে শেষ ম্যাচে ৩২৮ রান করে সফরকারীরা। জবাবে ২৩১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। বিশ্ব চ্যাম্পিয়নদের ওয়ানডে ইতিহাসে ঘরের মাঠে টানা দুই ম্যাচে ৯০ রানের বেশি ব্যবধানে হারের ঘটনা এটাই প্রথম। সিরিজের প্রথম ম্যাচে অভিষিক্ত মাহলি বিয়ার্ডম্যানের রেকর্ড ছয় উইকেটে মাত্র ১৩১ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। ৭ উইকেটের জয়ে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ১৩৫ রানের জয় নিয়ে সিরিজে সমতা ফেরায় ইংলিশরা। শেষ ম্যাচ জিতে সিরিজও নিজেদের করে নিল হ্যারি ব্রুকের দল। বেল্লেরিভ ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে বেন ডাকেট ও টম ব্যান্টনের ৭৪ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় ইংল্যান্ড। ব্যান্টন ৪৪ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন ডাকেট। ১১৫ বলে ১৫ চার ও এক ছক্কায় ১৩৩ রান করেন তিনি। সাত নম্বরে নেমে উইল জ্যাকস যোগ করেন ৫৯ রান। শেষ পর্যন্ত ৩২৮ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট নেন জ্যাক এডওয়ার্ডস, তিনটি ম্যাট রেনশ। জবাবে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ৩৪ রানের মধ্যে হারায় তিন উইকেট। পরে ম্যাট রেনশ ৫৫ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলকে জয়ের পথে ফেরাতে পারেননি। অ্যালেঙ্ ক্যারি করেন ৩৭ রান। ক্যামেরন গ্রিন বাউন্সারে আঘাত পেয়ে মুখে চোট নিয়ে মাঠ ছাড়েন। পরে কনকাশন বদলি হিসেবে নামেন অলিভার পিক। তবে তাতেও অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে পরিবর্তন আসেনি। শেষ পর্যন্ত ২৩১ রানেই অলআউট হয় স্বাগতিকরা। ইংল্যান্ডের হয়ে সনি বেকার চারটি এবং লিয়াম ডসন তিনটি উইকেট নেন। ১৩৩ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন বেন ডাকেট। পুরো সিরিজে ১৯০ রান করে সিরিজসেরা হয়েছেন টম ব্যান্টন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd