ঝিনাইদহ সদর উপজেলার পাগলাখানা ইউনিয়নের ঝিনুক মালা আবাসন প্রকল্পে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।
ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের ঝিনুক মালা আবাসন প্রকল্পে বৃহস্পতিবার (৪ জুন) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।
স্থানীয়রা জানান, বিকালে আবাসনের বাসিন্দা এক ৭ বছরের শিশুকে মিষ্টি কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায় অভিযুক্ত বিল্লাল হোসেন। পরে বিল্লাল হোসেনের ঘর থেকে শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন সেখানে ছুটে আসে। সেখান থেকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। এসময় উত্তেজিত জনতা বিল্লাল হোসেনকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সন্ধ্যা ৭টার দিকে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।
নিহত বিল্লাল হোসেন মাগুরার জেলার মোহম্মদপুর উপজেলার দেউলি গ্রামের বরকত উল্লাহর ছেলে। তিনি ঝিনাইদহ শহরে রিক্সা চালাতেন। চরখাজুরা ঝিনুক মালা আবাসনের একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন।
আবাসনের বাসিন্দারা জানায়, এক সপ্তাহ আগে বিল্লাল হোসেন আবাসনে আসেন। এরপর তিনি একটি ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আসাদউজ্জামান জানান, বিকালে ভিকটিম শিশুর মা বাদি হয়ে যৌন নিপীড়নের অভিযোগ এনে বিল্লাল হোসেন কে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযুক্ত বিল্লাল হোসেন কে আটক করে চিকিৎসার জন্য ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার পরে লোকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।