1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

পতাকা উড়ালেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
জিয়া সাইদ
পতাকা উড়ালেই
ছেঁড়াখোঁড়া শাড়ি
নত নত নীলমুখ
লালনদীময় মানচিত্র মনে পড়ে…
পতাকা উড়ালেই
ধোঁয়ার আকাশ
শূন্য হাট ভিটা
দিগভ্রান্ত দিনরাত্রিগুলি মনে পড়ে
মনে নেই ? পথে পথে সেই
ম্লান মলিন মিছিলের পর মিছিল
অবশেষে তাঁবুঘর
সীমিত জীবন
একটু আহার –
এক প্রস্ত আব্রুর জন্য
অধীর অপেক্ষা…
মনে পড়ে খুব পড়ে
সেই বজ্রধ্বনি
উদ্যানে সমুদ্রের উত্থান
মনে পড়ে ব্যারিকেড, গোপন ট্রেনিং
ঘোপেঘাপে সূচিত অ্যাম্বুশ
অতঃপর –
অবরুদ্ধ স্বজন স্বদেশ
স্বপ্নের উদ্ধারে
বাংকার থেকে বাংকারে
দিন রাত্রি ক্ষুধা মৃত্যু ভুলে
জ্বলে থাকা চোখগুলি,
ট্রিগারের দুর্দম্য আঙ্গুলগুলি –
কিভাবে ভুলি!
হায়েনার স্বভাব হাতগুলিই বা
ভুলি কী করে ?
এখনো তো রাতভর বসিলার বিলে
কেঁপে কেঁপে ওঠা অন্ধকার
সেই কালো থাবা –
নেভানো বাতিঘরগুলোর কথা বলে…
পতাকা উড়ালেই মনে পড়ে
স্মৃতিসৌধ জুড়ে
দূরস্থ কোন নক্ষত্রদের ছায়া পড়ে…

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd