1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

চয়নিকার নির্মাণে তিন তারকার ‘জোছনায় ফেরা’

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: চয়নিকা চৌধুরীর পরিচালনার ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘জোছনায় ফেরা’। লেজার ভিশনের প্রযোজনায় শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান ও দীপা খন্দকারসহ আরও অনেকে। গত শুক্রবার রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে প্রচারের পর গতকাল শনিবার লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি দেখার সুযোগ মিলবে।
স্বামী-স্ত্রীর ভালোবাসা, মান-অভিমান, আত্মদহন ও সন্দেহকে ঘিরে এগিয়েছে নাটকটির গল্প। কাহিনির শুরুতে আয়ান ও আয়রা সুখী দম্পতি। তাদের সংসারে বড় কোনো অশান্তিও নেই। তবে মোবাইল ফোনে আসা একটি বার্তাকে কেন্দ্র করে হঠাৎ বদলে যেতে থাকে তাদের সম্পর্কের সমীকরণ।
তুচ্ছ একটি ঘটনাকে ঘিরে দুজনের মধ্যে জন্ম নেয় সন্দেহ। ধীরে ধীরে বাড়তে থাকে মান-অভিমান ও দূরত্ব। একপর্যায়ে সেই টানাপড়েনের প্রভাব পড়ে তাদের সাজানো সংসারেও।
এর মধ্যে বিদেশ থেকে দেশে ফিরে আসে আয়ানের বিশ্ববিদ্যালয়জীবনের পুরোনো ভালো লাগার মানুষ অবন্তি। আয়ান ও আয়রার দাম্পত্য টানাপড়েনের মধ্যে অবন্তির উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তার আগমন নতুন করে সন্দেহ ও দ্বন্দ্বের জন্ম দেয়।
ভালোবাসা, সম্পর্কের টানাপড়েন, সন্দেহ আর না বলা কথার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘জোছনায় ফেরা’র গল্প। শেষ পর্যন্ত আয়ান ও আয়রার দাম্পত্য সম্পর্ক কোন পরিণতিতে পৌঁছায়, সেটিই নাটকের মূল আকর্ষণ।
নাটকটি নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী দর্শকদের শেষ পর্যন্ত সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, যারা বৈশাখী টেলিভিশনে নাটকটি দেখতে পারেননি, তারা ১৯ সেপ্টেম্বর লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে এটি দেখতে পারবেন।
চয়নিকা চৌধুরীর পরিচালনায় পথচলার শুরু ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর। ওই দিন ‘শেষ বেলায়’ নাটকের শুটিংয়ের মাধ্যমে ক্যামেরার পেছনে যাত্রা শুরু করেন তিনি। দীর্ঘ ২৫ বছরের নির্মাণযাত্রায় চার শতাধিক একক ও ধারাবাহিক নাটক উপহার দিয়েছেন এই নির্মাতা।
পরিচালনার রজতজয়ন্তী উপলক্ষে এবার চারটি ভিন্ন ঘরানার নাটক ও টেলিছবি নির্মাণ করেছেন চয়নিকা। ১৮ সেপ্টেম্বর দেশের চারটি পৃথক টেলিভিশন চ্যানেলে সেগুলো প্রচার হয়েছে। এর মধ্যে চ্যানেল আইয়ে ‘সময় একটু থামো’, মাছরাঙা টেলিভিশনে ‘প্রথম দেখার পর’, বৈশাখী টেলিভিশনে ‘জোছনায় ফেরা’ এবং এটিএন বাংলায় প্রচার হয়েছে ‘বিষণ্ন মেঘ’।
টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন চয়নিকা চৌধুরী। নির্মাণ করেছেন ‘বিশ্বসুন্দরী’ ও ‘প্রহেলিকা’। চলচ্চিত্রে কাজ করলেও টেলিভিশন নাটক নির্মাণ থেকে দূরে সরে যাননি তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd