1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

প্রাণিসম্পদ খাতকে রপ্তানি আয়ের অন্যতম উৎস করতে চাঁই: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রাণিসম্পদ উৎপাদনে সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা গেলে স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ খাত অচিরেই বিশ্ববাজারে বাংলাদেশের পরিচিত ব্র্যান্ড হয়ে উঠবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এ সপ্তাহের আয়োজন করেছে।
সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, উন্নয়ন এবং এ খাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির জোগান নিশ্চিত করে সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করা গেলে দেশের অর্থনীতিকে স্বনির্ভর ও সমৃদ্ধ করা কঠিন নয়। এজন্য প্রয়োজন সদিচ্ছা, পরিকল্পনা ও তার কার্যকর বাস্তবায়ন।
মেধাবী জাতি গঠনে পুষ্টির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনীশক্তি বেশি বিকশিত হয়। প্রাণিজ আমিষ মেধাসমৃদ্ধ জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। তাই প্রাণিজ আমিষের উৎপাদন শুধু খাদ্যনিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।
প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
তিনি জানান, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০ লাখ ৪৬ হাজার ৪০০ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এ খাতের বিকাশে প্রয়োজনীয় নীতি ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
রপ্তানি বাজার সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত ও উপজাত পণ্য এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানিতেও বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। বিশ্ববাজারে হালাল মাংস, পোলট্রি ও দুগ্ধজাত পণ্যের চাহিদা কাজে লাগিয়ে নতুন বাজার খুঁজে বের করার ওপরও গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম বা হ্যাচিং এগ রপ্তানি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বিদেশে প্রাণিজ পণ্যের নতুন বাজার অনুসন্ধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার মতে, প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ শুধু খামারকেন্দ্রিক নয়, এর সঙ্গে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির সম্ভাবনাও জড়িয়ে রয়েছে।
দেশের পোলট্রি শিল্পের অগ্রগতি তুলে ধরে তারেক রহমান জানান, বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। পোলট্রি শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের ৪০ শতাংশই নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
তিনি আরও জানান, দেশের প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি জীবিকা নির্বাহের জন্য পশুপালন করেন। এসব খামারির কাছে গবাদিপশুর চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশুর ১৭টি রোগের টিকা উৎপাদন করা হচ্ছে। টিকার উৎপাদন সক্ষমতা বাড়াতে আধুনিক ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।
মহিষ পালনের সম্ভাবনা কাজে লাগাতে উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায়ভিত্তিক বন্দোবস্তের মাধ্যমে খামারিদের বরাদ্দ দেওয়ার বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা দেন তিনি।
প্রাণিসম্পদের উন্নয়নের পাশাপাশি পশুপাখির অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। প্রাণীকে ক্ষুধা, তৃষ্ণা, অস্বস্তি, আঘাত, রোগ, ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখার পাশাপাশি স্বাভাবিক আচরণের স্বাধীনতা নিশ্চিত করাকে মানুষের মানবিক দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
খামারিদের এ খাতের মূল চালিকাশক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, তাদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বিশ্ববাজারে বাংলাদেশের প্রাণিজ পণ্যের প্রবেশ নিশ্চিত করতে খাদ্যনিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইনের মান কঠোরভাবে অনুসরণের ওপরও জোর দেন তিনি। এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬, স্বর্ণ ও রৌপ্য, প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রথমে গবাদিপশুর খামার ক্যাটাগরিতে পদক গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পদক পেয়ে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন। এ ছাড়া বিউটি পাঠার খামারের মালিক বিউটি বেগমও তার অনুভূতি জানান। পরে পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইনও বক্তব্য দেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd