1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের ফেরত পাঠানো হয়েছে। গত শনিবার (২১ নভেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে যৌথ অভিযান চালিয়ে ১০ হাজার ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে অভিযানে অংশ নেয় বিভিন্ন সরকারি সংস্থা। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৩৮ হাজার ৭৩০ জন পুরুষ এবং ২ হাজার ২১১ জন নারী। এছাড়া, ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য ২৩ হাজার ২৫০ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। অন্যদিকে, দেশে ফেরার ব্যবস্থা সম্পন্ন করতে আরও ১০ হাজার ৮১৪ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এই এক সপ্তাহে মোট ১১ হাজার ৯১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে, এই সংখ্যা ওই সপ্তাহে নতুন করে গ্রেফতার হওয়া ১০ হাজার ৭৮৩ জনের সংখ্যা থেকে আলাদা। অর্থাৎ, ফেরত পাঠানো সবাই যে ওই সপ্তাহে গ্রেফতার হয়েছেন, এমনটা নয়। এদিকে, সৌদি আরবের সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে ১ হাজার ৩৭৩ জনকে আটক করা হয়েছে। অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন আরও ২৮ জন। এছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহণ, আশ্রয় দেওয়া বা কাজে নিয়োগের অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা, কাউকে পরিবহণ বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে, গুনতে হতে পারে ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা। এছাড়া, অপরাধে ব্যবহৃত যানবাহন এবং অপরাধীদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও জব্দ করা হতে পারে। পাশাপাশি, দোষী ব্যক্তিদের নামও প্রকাশ করতে পারে কর্তৃপক্ষ। অন্যদিকে, এ ধরনের আইন লঙ্ঘনের তথ্য জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯ ও ৯৯৬ নম্বর চালু রয়েছে। সূত্র: গলফ নিউজ

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd